আন্তর্জাতিক ডেস্ক: বৈশ্বিক তেল পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট হরমুজ প্রণালীতে মাইন স্থাপন শুরু করেছে ইরান। মার্কিন গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, গত কয়েক দিনে ইরানি বাহিনী সেখানে কয়েক ডজন মাইন বসিয়েছে।
এর আগে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছিল, ইরান প্রণালীটিতে মাইন বসানোর প্রস্তুতি নিচ্ছে। তবে নতুন তথ্যে জানা গেছে, সেই প্রস্তুতির পর ইতোমধ্যে বাস্তবায়নও শুরু হয়েছে, যদিও এখন পর্যন্ত সীমিত সংখ্যক মাইন স্থাপন করা হয়েছে।
মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, ইরানের কাছে মাইন স্থাপনের জন্য ব্যবহৃত ছোট জাহাজ ও সরঞ্জামের প্রায় ৮০ শতাংশ এখনও ব্যবহার করা হয়নি। ফলে তেহরান চাইলে খুব অল্প সময়ের মধ্যেই হরমুজ প্রণালীজুড়ে হাজার হাজার মাইন স্থাপন করতে সক্ষম হবে।
বর্তমানে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণে ইরানের নৌবাহিনীর পাশাপাশি ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) সক্রিয় রয়েছে। তাদের কাছে এমন অস্ত্র ও প্রযুক্তি রয়েছে, যার মাধ্যমে পুরো প্রণালীজুড়ে মাইনের জাল তৈরি করা সম্ভব। এ ছাড়া বিস্ফোরক বোঝাই ছোট নৌযান ও ক্ষেপণাস্ত্র ব্যবহারের মাধ্যমে জাহাজ চলাচল ব্যাহত করার সক্ষমতাও তাদের রয়েছে বলে গোয়েন্দা সূত্রে উল্লেখ করা হয়েছে।
এর আগে গত সপ্তাহে ইরানের বিপ্লবী গার্ড হুঁশিয়ারি দিয়ে বলেছিল, হরমুজ প্রণালী দিয়ে কোনো জাহাজ চলাচলের চেষ্টা করলে সেটিকে লক্ষ্যবস্তু করা হতে পারে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, প্রণালীটিতে মাইন স্থাপন বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের উদ্বেগের কারণ হয়ে উঠতে পারে।
রিপোর্টার্স২৪/বাবি সূত্র: সিএনএন