আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে একটি থাই পতাকাবাহী কার্গো জাহাজে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে জাহাজটির তিনজন নাবিক নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে থাইল্যান্ডের পরিবহন মন্ত্রণালয়।
বুধবার মন্ত্রণালয় জানায়, হামলার পর জাহাজটিতে আগুন ধরে গেলে ২৩ জন ক্রুর মধ্যে ২০ জন লাইফবোটে করে জাহাজ ত্যাগ করেন। পরে তাদের উদ্ধার করে ওমান নৌবাহিনী।
থাই পতাকাবাহী কার্গো জাহাজ মায়ুরি নারি (Mayuree Naree)-এর পেছনের অংশে বিস্ফোরণ ঘটে বলে জানানো হয়েছে। বিস্ফোরণের ফলে ইঞ্জিন কক্ষে আগুন ধরে যায়। ওই সময় সেখানে কাজ করছিলেন তিনজন নাবিক, যারা এখনও নিখোঁজ রয়েছেন।
জাহাজটিকে লক্ষ্য করে কারা বা কী ধরনের প্রজেক্টাইল নিক্ষেপ করেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনার পর জাহাজটি থেকে ঘন কালো ধোঁয়া বের হতে দেখা গেছে।
থাই নৌবাহিনী জানায়, তারা বেলা ১১টার দিকে এ ঘটনার প্রাথমিক তথ্য পায়। তবে সেখানে নির্দিষ্ট কোনো সময়ের কথা উল্লেখ করা হয়নি। সংযুক্ত আরব আমিরাতের খলিফা বন্দর থেকে রওনা হওয়ার কয়েক ঘণ্টা পর জাহাজটি আক্রান্ত হয়েছে।বিবৃতিতে আরও বলা হয়েছে, হামলার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুট হিসেবে পরিচিত হরমুজ প্রণালিতে সাম্প্রতিক সময়ে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বেড়েছে। চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যেই এই হামলার ঘটনা ঘটল।
রিপোর্টার্স২৪/এসসি