স্টাফ রিপোর্টার: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আ. ক. ম. জামাল উদ্দীনকে রাজধানীর গুলিস্তান এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১১ মার্চ) সকালে বঙ্গবন্ধু স্টেডিয়াম সংলগ্ন এলাকা থেকে একটি পদযাত্রা কর্মসূচি চলাকালে তাকে আটক করা হয়। পরে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. রেজওয়ানুল ইসলাম সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, পল্টন থানার অধীন গুলিস্তান স্টেডিয়াম এলাকায় অনুষ্ঠিত একটি পদযাত্রা থেকে অধ্যাপক জামাল উদ্দীনকে আটক করা হয়। পরে নিষিদ্ধঘোষিত কার্যক্রমের অভিযোগে তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে গ্রেপ্তার দেখানো হয়েছে।
জানা গেছে, ‘ঢাকা–টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু শান্তি পদযাত্রা ২০২৬’ নামে একটি কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন অধ্যাপক জামাল উদ্দীন। পরিকল্পনা অনুযায়ী বুধবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু স্টেডিয়ামের সামনে থেকে পদযাত্রা শুরু হওয়ার কথা ছিল। ঘোষিত কর্মসূচি অনুযায়ী তিনি সেখানে উপস্থিত হয়ে পদযাত্রায় অংশ নেন। এ সময় পুলিশ তাকে আটক করে।
এর আগে গত ১৫ ফেব্রুয়ারি রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে গিয়ে হামলার শিকার হন এই শিক্ষক। সেদিন বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘গণকান্না’ কর্মসূচির ঘোষণা দিয়ে তিনি ধানমন্ডি ৩২ নম্বরে যান। সেখানে উপস্থিত বিক্ষুব্ধ জনতার হামলার মুখে পড়েন তিনি ও তার সঙ্গে থাকা কয়েকজন। পরে পুলিশ তাদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়।
সাম্প্রতিক এই গ্রেপ্তারের ঘটনায় বিভিন্ন মহলে আলোচনা তৈরি হয়েছে। পুলিশ জানিয়েছে, মামলার বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
রিপোর্টার্স২৪/বাবি