| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরান যুদ্ধ নিয়ে হোয়াইট হাউসে মতভেদ, ট্রাম্পের সিদ্ধান্তে টানাপোড়েন

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৩, ২০২৬ ইং | ১৪:০৬:৫৬:অপরাহ্ন  |  ৩৫২৬১০ বার পঠিত
ইরান যুদ্ধ নিয়ে হোয়াইট হাউসে মতভেদ, ট্রাম্পের সিদ্ধান্তে টানাপোড়েন
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি, রয়টার্স

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারণে হোয়াইট হাউসের ভেতরে তীব্র মতভেদ তৈরি হয়েছে। বিভিন্ন উপদেষ্টা ও কর্মকর্তাদের মধ্যে টানাপোড়েনের কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যও বারবার পরিবর্তিত হচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

হোয়াইট হাউসের ভেতরের আলোচনায় যুক্ত কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাম্পের উপদেষ্টারা এখন মূলত এই প্রশ্নে বিভক্ত; কখন এবং কীভাবে ইরান যুদ্ধের ‘জয়’ ঘোষণা করা হবে। একদিকে অর্থনৈতিক উপদেষ্টারা সতর্ক করছেন, যুদ্ধের কারণে তেলের দাম ও জ্বালানির মূল্য বেড়ে গেলে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে তার নেতিবাচক প্রভাব পড়তে পারে। অন্যদিকে কিছু কট্টরপন্থী রাজনীতিক ও উপদেষ্টা ইরানের ওপর সামরিক চাপ অব্যাহত রাখার পক্ষে মত দিচ্ছেন।

রাজনৈতিক উপদেষ্টারা ট্রাম্পকে দ্রুত ও সীমিত সামরিক অভিযান শেষ করার পরামর্শ দিচ্ছেন। তাদের মতে, যুদ্ধ দীর্ঘায়িত হলে তেলের দাম বাড়বে এবং গ্যাসোলিনের মূল্যবৃদ্ধি আগামী নির্বাচনের আগে রিপাবলিকানদের জন্য রাজনৈতিক ঝুঁকি তৈরি করতে পারে।

অন্যদিকে রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম ও টম কটনসহ কিছু নেতার মত হলো, ইরানের ওপর চাপ অব্যাহত রাখতে হবে এবং দেশটিকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে কঠোর সামরিক পদক্ষেপ চালিয়ে যেতে হবে।

এছাড়া ট্রাম্পের সমর্থক শিবিরের একটি অংশও দীর্ঘমেয়াদি মধ্যপ্রাচ্য যুদ্ধে জড়িয়ে পড়ার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সাবেক কৌশলবিদ স্টিভ ব্যানন এবং টেলিভিশন ব্যক্তিত্ব টাকার কার্লসন ট্রাম্পকে নতুন করে দীর্ঘ যুদ্ধ এড়ানোর আহ্বান জানিয়েছেন।

এরই মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক বিমান হামলায় ইরানের বেশ কয়েকজন শীর্ষ নেতা নিহত হওয়ার পাশাপাশি দেশটির ক্ষেপণাস্ত্র সক্ষমতা ও নৌবাহিনীর বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে। তবে পাল্টা প্রতিক্রিয়ায় ইরান উপসাগরীয় অঞ্চলে তেলবাহী জাহাজে হামলা বাড়িয়েছে, যার ফলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে।

বিশ্লেষকদের মতে, ইরান যুদ্ধের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীর পরিস্থিতির ওপর। বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল সরবরাহ সাধারণত এই প্রণালি দিয়ে যায়। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ইতোমধ্যে এই প্রণালি বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন।

বিশ্লেষকদের ধারণা, যুদ্ধ দীর্ঘ হলে মার্কিন হতাহতের সংখ্যা ও অর্থনৈতিক চাপ বাড়তে পারে, যা শেষ পর্যন্ত ট্রাম্প প্রশাসনের জন্য বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪