আন্তর্জাতিক ডেস্ক: লেবাননে ইসরায়েলের ধারাবাহিক হামলায় রাজধানী বৈরুত এবং দক্ষিণাঞ্চলে অন্তত ১৬ জন নিহত হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানের বিরুদ্ধে শুরু করা বৃহত্তর যুদ্ধের প্রেক্ষাপটে লেবাননেও হামলার মাত্রা বাড়ছে।
শুক্রবার ভোরে বৈরুতের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় এলাকা জানাহতে একটি গাড়িকে লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলা চালানো হয়। এতে একজন নিহত হন বলে জানিয়েছে লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয়।
এছাড়া বৈরুতের নাবা এলাকায় একটি অ্যাপার্টমেন্ট ভবনেও হামলা চালানো হয়, যেখানে বড় আর্মেনীয় সম্প্রদায় বসবাস করে। হামলার পর ভবনটিতে আগুন ধরে যায়। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, চলমান সংঘাতের মধ্যে এই এলাকায় এবারই প্রথম হামলা চালানো হলো। এমনকি ২০২৪ সালে হিজবুল্লাহ ও ইসরায়েলের যুদ্ধের সময়ও এলাকাটি লক্ষ্যবস্তু হয়নি।
গত প্রায় দুই সপ্তাহে লেবাননে ইসরায়েলি হামলায় মোট ৬৮৭ জন নিহত হয়েছে, যার মধ্যে ৯৮ জন শিশু রয়েছে। এছাড়া ৮ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা।
হামলার পর ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, বৈরুতে হামলার লক্ষ্য ছিল হিজবুল্লাহর একজন সদস্য। এছাড়া ভবনগুলোর বেজমেন্টে সংগঠনটির অর্থের মজুত রয়েছে বলেও দাবি করেছে তারা।
এরপর শুক্রবার বৈরুতের উত্তর-পূর্ব উপশহর বুর্জ হাম্মুদ এলাকায় একটি আবাসিক ভবনেও ইসরায়েলি ড্রোন হামলার খবর পাওয়া গেছে বলে জানিয়েছে লেবাননের জাতীয় সংবাদ সংস্থা।
রিপোর্টার্স২৪/এসসি