| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘জেডিপি’ গঠনের ঘোষণা নাঈম আহমাদের, এপ্রিলে আত্মপ্রকাশ

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৫, ২০২৬ ইং | ০৭:৩৪:২৭:পূর্বাহ্ন  |  ২৮৩৪৩৩ বার পঠিত
‘জেডিপি’ গঠনের ঘোষণা নাঈম আহমাদের, এপ্রিলে আত্মপ্রকাশ

স্টাফ রিপোর্টার: নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন ইউনাইটেড পিপলস বাংলাদেশের (আপ বাংলাদেশ) সদ্যসাবেক প্রধান সংগঠক নাঈম আহমাদ। ‘জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি’ (জেডিপি) নামে এই দলটি আগামী এপ্রিল মাসে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে বলে জানানো হয়েছে।

শনিবার (১৪ মার্চ) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। এ সময় নাঈম আহমাদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের রাজনীতিতে একটি বড় ধরনের রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়েছে। তার মতে, আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ কয়েকটি ‘ফ্যাসিবাদী রাজনৈতিক শক্তির’ কার্যত অবসানের ফলে এই শূন্যতার জন্ম হয়েছে।

তিনি বলেন, বর্তমানে কিছু ইসলামপন্থি দল আংশিকভাবে এ শূন্যতা পূরণের চেষ্টা করলেও দীর্ঘমেয়াদে একটি শক্তিশালী মূলধারার বিকল্প রাজনৈতিক শক্তির প্রয়োজন রয়েছে। বিএনপি ও জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক বলয়ের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে বলেও মন্তব্য করেন তিনি।

নাঈম আহমাদ জানান, নতুন দলের রাজনৈতিক অবস্থান হবে মধ্যপন্থা থেকে মধ্য-ডানপন্থায়। দলের আদর্শিক ভিত্তি হিসেবে তিনি বাংলাদেশপন্থা, সংস্কারপন্থা এবং বাংলাদেশি বাস্তবতায় সামাজিক গণতন্ত্রের কথা উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে তিনি জেডিপির অগ্রাধিকারমূলক ১২ দফা কর্মসূচির কথাও তুলে ধরেন। এসব কর্মসূচির মধ্যে রয়েছে—ধর্মীয় মূল্যবোধ রক্ষা, জুলাই সনদের বাস্তবায়ন, বিদেশি আগ্রাসন থেকে দেশের নিরাপত্তা নিশ্চিত করা, পানি-প্রাণ-প্রকৃতির সুরক্ষা, কর্মসংস্থানমুখী বিনামূল্যে শিক্ষা ব্যবস্থা, সর্বজনীন বিনামূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করা, ন্যায্য ও পাচারমুক্ত অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলা, ব্যবসা ও বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি, কৃষি ও আইটিসহ নতুন শিল্প খাতের উন্নয়ন, পরিকল্পিত ও পরিবেশবান্ধব নগরায়ণ, প্রবাসীদের আইনি সুরক্ষা ও তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং নাগরিকদের মৌলিক অধিকার সংরক্ষণ।

তিনি আরও জানান, আগামী এপ্রিলের প্রথম সপ্তাহে ঘোষণাপত্র, গঠনতন্ত্র এবং কেন্দ্রীয় কমিটি ঘোষণার মাধ্যমে জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটবে। আনুষ্ঠানিক আত্মপ্রকাশের আগ পর্যন্ত তিনি দলের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন বলেও জানান।

সংবাদ সম্মেলনে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি জানিয়ে নাঈম আহমাদ বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত এই জাতীয় দলিল বাস্তবায়নে সরকারের আন্তরিকতা জরুরি।

তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময় ‘শিবির’ ট্যাগ দিয়ে অনেক মানুষের ওপর নিপীড়ন চালানো হয়েছিল। এখন আবার ‘ছাত্রলীগ’ ট্যাগ দিয়ে নতুন করে হয়রানির প্রবণতা দেখা যাচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

নাঈম আহমাদ বলেন, কেউ যদি প্রকাশ্যে আওয়ামী লীগ ত্যাগ করেন এবং তার বিরুদ্ধে নির্দিষ্ট কোনো অপরাধের অভিযোগ বা মামলা না থাকে, তবে তাকে স্বাভাবিক জীবনযাপনের সুযোগ দেওয়া উচিত।

সংবাদ সম্মেলনে জেডিপির সংগঠক নজরুল ইসলাম, মো. আহছান উল্লাহ, সাদমান আলম, নাকিবুর রহমান, ইমরান হোসেন রাহাত, মুত্তাকী বিন মনির, নূরা জেরিন, নাজমুন নাহার, আবুল বাশার, রাকিব হাসান, আসাদ মৃধা, অ্যাডভোকেট রুবেল ইসলাম খান, শেখ সাদী, মাহতাব হোসেন সাব্বির, ইমরান হোসাইন, জিহাদ আরাফাত ও এরশাদ আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪