| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খার্গ দ্বীপে হামলার প্রভাব: জ্বালানি সংকটে উদ্বিগ্ন চীন

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৫, ২০২৬ ইং | ১৬:০৫:৩৯:অপরাহ্ন  |  ৩১৩৬৪৫ বার পঠিত
খার্গ দ্বীপে হামলার প্রভাব: জ্বালানি সংকটে উদ্বিগ্ন চীন
ছবির ক্যাপশন: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার পর জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগে পড়েছে চীন। যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়তে শুরু করায় দেশটিতে জ্বালানি কেনার হিড়িক পড়েছে এবং অনেক স্থানে পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন দেখা গেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপে হামলার পর আরও হামলার হুমকি দেন। দ্বীপটি ইরানের প্রায় ৯০ শতাংশ তেল রপ্তানির প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত।

ইরানের উপকূল থেকে প্রায় ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত এই দ্বীপটি দিয়ে দেশটির অধিকাংশ তেল বিশ্ববাজারে রপ্তানি হয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর পরও এখান থেকে প্রায় ১ কোটি ৩৭ লাখ ব্যারেল তেল রপ্তানি হয়েছে এবং বেশ কয়েকটি তেলবাহী ট্যাংকার সেখানে পণ্য বোঝাই করেছে।

বিশ্বের সবচেয়ে বড় অপরিশোধিত তেল আমদানিকারক দেশ হিসেবে চীন ইরানি তেলের প্রধান ক্রেতা। তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ইরানের মোট তেল রপ্তানির প্রায় ৯১ শতাংশই চীনে গেছে। গত বছর প্রতিদিন গড়ে প্রায় ১৩ লাখ ৮০ হাজার ব্যারেল ইরানি তেল আমদানি করেছে বেইজিং।

বিশ্লেষকদের মতে, ইরান থেকে তেল সরবরাহ ব্যাহত হলে চীন সরাসরি বড় ধরনের জ্বালানি সংকটে পড়তে পারে। এর সঙ্গে যদি হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হয়, তাহলে বৈশ্বিক তেলের বাজারে আরও বড় অস্থিরতা দেখা দিতে পারে।

চীনে জ্বালানি দামে বড় উল্লম্ফন

যুদ্ধ পরিস্থিতির প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়তে শুরু করেছে। এর ফলে চীনে খুচরা পর্যায়ে পেট্রোল ও ডিজেলের নিয়ন্ত্রিত মূল্যও বাড়ানো হয়েছে—যা ২০২২ সালের মার্চের পর সবচেয়ে বড় বৃদ্ধি বলে জানা গেছে।

সরকারি ঘোষণায় প্রতি মেট্রিক টন পেট্রোলের দাম ৬৯৫ ইউয়ান এবং ডিজেলের দাম ৬৭০ ইউয়ান পর্যন্ত বাড়ানো হয়েছে। গত ২৩ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চের মধ্যে চীনে জ্বালানির দাম প্রায় ১০ শতাংশ পর্যন্ত বেড়েছে।জ্বালানি সংকটের আশঙ্কায় দেশটির অনেক চালক দ্রুত গাড়ির ট্যাংক ভরতে শুরু করায় পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ লাইন দেখা গেছে।

সম্ভাব্য জ্বালানি সংকট মোকাবিলায় পদক্ষেপ

যুদ্ধ শুরুর পর সম্ভাব্য জ্বালানি সংকট ঠেকাতে চীন মার্চ মাসে পরিশোধিত জ্বালানি রপ্তানির ওপর তাৎক্ষণিক নিষেধাজ্ঞা জারি করেছে।

এদিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্রের ওপর চাপ সৃষ্টি করতে হরমুজ প্রণালি বন্ধ রাখা উচিত। যদিও কিছু প্রতিবেদনে বলা হয়েছে, সীমিত সংখ্যক তেলবাহী জাহাজকে ওই প্রণালি দিয়ে চলাচলের অনুমতি দেওয়ার কথা ভাবছে তেহরান—তবে শর্ত হতে পারে তেলের লেনদেন মার্কিন ডলারের পরিবর্তে চীনা ইউয়ানে করতে হবে।বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ দীর্ঘায়িত হলে শুধু চীন নয়, পুরো বিশ্বেই জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দিতে পারে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪