| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে এখনই রাজি নন

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৫, ২০২৬ ইং | ১৯:০২:৫৪:অপরাহ্ন  |  ৩১১৭৮১ বার পঠিত
ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে এখনই রাজি নন
ছবির ক্যাপশন: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে জানিয়েছেন, তিনি ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের কোনো চুক্তিতে এখনই পৌঁছাতে প্রস্তুত নন। এদিকে মার্কিন মিত্র ইসরায়েল রবিবার ইরানে নতুন করে হামলা চালিয়েছে, আর তেহরানের রেভল্যুশনারি গার্ডস ইসরায়েলি নেতাকে খুঁজে বের করে হত্যার হুমকি দিয়েছে।

এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি মনে করেন, তেহরান আলোচনার টেবিলে বসতে আগ্রহী। তবে ওয়াশিংটন আরও ভালো শর্তের জন্য অবস্থান জোরদার রাখবে। তিনি ইঙ্গিত দিয়েছেন, ইরানের তেলের গুরুত্বপূর্ণ হাব খার্গ দ্বীপে পুনরায় বোমাবর্ষণ হতে পারে।

ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ দুই সপ্তাহ পার হলেও কোনো পক্ষই সুর নরম করছে না। হরমুজ প্রণালির ওপর অবরোধের কারণে তেলের দাম আকাশচুম্বী, আর অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি প্রাণহানিও বাড়ছে।

ট্রাম্প আরও বলেন, ইরান চুক্তি করতে চায়, কিন্তু আমি চাই না। কারণ শর্তগুলো এখনও যথেষ্ট ভালো নয়। তিনি জানান, তেলের সরবরাহ পুনরায় নিশ্চিত করতে মার্কিন বাহিনী উপকূলে হামলা জোরদার করতে পারে।

ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি হরমুজ প্রণালি বন্ধ রাখার অঙ্গীকার করলেও, ট্রাম্প তার বেঁচে থাকা নিয়ে সংশয় প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমি জানি না সে আদৌ বেঁচে আছে কি না। এখন পর্যন্ত কেউ তা প্রমাণ করতে পারেনি।’ যদিও ইরান জানিয়েছে, নতুন সর্বোচ্চ নেতার সঙ্গে কোনও সমস্যা নেই।

অন্যদিকে, ইসরায়েলি সেনারা পশ্চিম ইরানে নতুন হামলার ঘোষণা দিয়েছে। এর আগে ইরানের রেভল্যুশনারি গার্ডস ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘অপরাধী’ আখ্যা দিয়ে তাকে হত্যার শপথ নিয়েছে। যুক্তরাষ্ট্র তার নাগরিকদের ইরাক ছাড়ার নির্দেশ দিয়েছে, যেখানে ইরানপন্থি গোষ্ঠীগুলো মার্কিন দূতাবাস ও ঘাঁটিতে হামলা চালাচ্ছে।

যুদ্ধের মধ্যেও তেহরান কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে। মার্কিন-ইসরায়েলি হামলার পর সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনির মৃত্যুর ঘটনা এবং পারস্য নববর্ষ নওরোজের আগে শহরের কিছু দোকান ও ক্যাফে পুনরায় খোলা হয়েছে।

ট্রাম্প তেল সরবরাহ নিশ্চিত করতে চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্যকে নৌ-অভিযানে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তবে যুক্তরাজ্য ও দক্ষিণ কোরিয়া সরাসরি প্রতিশ্রুতি দেয়নি, আর জাপানের পক্ষ থেকে জানানো হয়েছে আইনগত জটিলতার কারণে জাহাজ পাঠানো কঠিন।

রবিবার বাহরাইন ও সৌদি আরব নতুন ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে। দুবাইও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে হামলা প্রতিহত করেছে। গত শুক্রবার মার্কিন বাহিনী খার্গ দ্বীপে হামলা চালালেও তেল টার্মিনালগুলো অক্ষত আছে।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ১ হাজার ২০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন। জাতিসংঘের শরণার্থী সংস্থার তথ্য অনুযায়ী, প্রায় ৩২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। পেন্টাগন জানিয়েছে, তারা ইরানে ১৫ হাজার লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে এবং সেখানে নতুন করে আড়াই হাজার মেরিন সেনা পাঠিয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪