আন্তর্জাতিক ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন স্থানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। সোমবারের এসব হামলায় রাজধানী আবুধাবিতে এক ফিলিস্তিনি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। অন্যদিকে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ড্রোন হামলায় একটি জ্বালানি ট্যাংকে আগুন লাগায় সাময়িকভাবে ফ্লাইট চলাচল ব্যাহত হয়।
বার্তা সংস্থা এএফপি জানায়, দুবাই বিমানবন্দরের কাছে ড্রোন থেকে জ্বালানি ট্যাংকে আগুন লাগার পর কিছু সময়ের জন্য বিমান চলাচল বন্ধ রাখা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ধীরে ধীরে ফ্লাইট চলাচল আবার শুরু হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এদিকে আমিরাতের ফুজাইরাহ অঞ্চলেও ড্রোন হামলায় তেল অবকাঠামোতে আগুন লাগার খবর পাওয়া গেছে। একদিন আগেও ওই এলাকার জ্বালানি স্থাপনা থেকে ধোঁয়া উঠতে দেখা গিয়েছিল।
সোমবারের হামলার সময় একটি ক্ষেপণাস্ত্র আবুধাবির কাছাকাছি একটি এলাকায় থাকা একটি গাড়িতে আঘাত হানে। এতে এক ফিলিস্তিনি নাগরিক নিহত হন।
বর্তমান সংঘাত শুরু হওয়ার পর থেকে আমিরাতে মোট সাতজন নিহত হয়েছেন। এর মধ্যে পাঁচজন বেসামরিক নাগরিক এবং দুজন সামরিক সদস্য রয়েছেন। সামরিক সদস্যরা প্রযুক্তিগত ত্রুটির কারণে একটি হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন।
এই হামলার ঘটনা ঘটল ইরানের খার্গ দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার দুই দিন পর। দ্বীপটিতে হামলার বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি দাবি করেছিলেন, আমিরাত থেকে রকেট ছোড়া হয়েছিল। তবে সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষ সেই অভিযোগ অস্বীকার করেছে।
রিপোর্টার্স২৪/এসসি