আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধের খবর প্রচারের সময় প্রচারণা বা ক্ষমতাধরদের বক্তব্যের পুনরাবৃত্তি না করে যুদ্ধের মানবিক ক্ষয়ক্ষতি ও ভুক্তভোগীদের কষ্ট তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও XIV।
সোমবার ভ্যাটিকান সিটিতে ইতালির টেলিভিশন সংবাদমাধ্যম TG2–এর সম্প্রচারকদের সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
পোপ লিও বলেন, সাংবাদিকদের উচিত যুদ্ধের প্রকৃত চেহারা তুলে ধরা এবং তা ভুক্তভোগীদের চোখ দিয়ে দেখানো, যাতে সংঘাতকে ভিডিও গেমের মতো মনে না হয়।
তিনি সতর্ক করে বলেন, যুদ্ধের মতো ভয়াবহ পরিস্থিতিতে সংবাদ পরিবেশন যেন প্রচারণায় পরিণত না হয়। সাংবাদিকদের দায়িত্ব হলো খবর যাচাই করা, যাতে তারা ক্ষমতার কেন্দ্রগুলোর মুখপাত্রে পরিণত না হন।
যদিও তিনি নির্দিষ্ট কোনো সংঘাতের নাম উল্লেখ করেননি, সাম্প্রতিক সময়ে তিনি বারবার ইরানকে কেন্দ্র করে বিস্তৃত হওয়া যুক্তরাষ্ট্র–ইসরায়েল সংঘাত বন্ধের আহ্বান জানিয়ে আসছেন।
রোববার দেওয়া এক বক্তব্যে পোপ লিও চলমান সংঘাতকে “ভয়াবহ সহিংসতা” আখ্যা দিয়ে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানান।
এদিকে যুক্তরাষ্ট্রের শিকাগোর কার্ডিনাল ব্লেস কুপিচ সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওর সমালোচনা করেন, যেখানে ইরান যুদ্ধের ফুটেজ ভিডিও গেম ও অ্যাকশন চলচ্চিত্রের দৃশ্যের সঙ্গে যুক্ত করে প্রকাশ করা হয়েছিল। তিনি ওই ভিডিওকে “অস্বস্তিকর ও নিন্দনীয়” বলে উল্লেখ করেন।
রিপোর্টার্স২৪/এসসি