| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাগদাদে মার্কিন বাহিনী ও ইরানপন্থী গোষ্ঠীর পাল্টাপাল্টি হামলা, নিহত ৪

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৭, ২০২৬ ইং | ১৪:২০:২৪:অপরাহ্ন  |  ৩০১২৬২ বার পঠিত
বাগদাদে মার্কিন বাহিনী ও ইরানপন্থী গোষ্ঠীর পাল্টাপাল্টি হামলা, নিহত ৪
ছবির ক্যাপশন: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন বাহিনী ও ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে পাল্টাপাল্টি হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। একই সঙ্গে ড্রোন হামলার লক্ষ্যবস্তু হয়েছে মার্কিন দূতাবাস এলাকা, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে।

আল জাজিরা, এএফপি, এপি ও রয়টার্সের খবরে বলা হয়, মঙ্গলবার ভোরে বাগদাদের সুরক্ষিত গ্রিন জোন এলাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের আশপাশে বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপর জাদরিয়াহ এলাকায় ইরানপন্থী একটি গোষ্ঠীর ব্যবহৃত ভবনে বিমান হামলা চালানো হলে অন্তত চারজন নিহত হন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, দূতাবাস চত্বরে আগুন ও ধোঁয়া দেখা যায়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে আকাশে ড্রোন প্রতিহত করার দৃশ্যও দেখা গেছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, দূতাবাসের সি-র‍্যাম (C-RAM) প্রতিরক্ষা ব্যবস্থা অন্তত দুটি ড্রোন ভূপাতিত করে, তবে একটি ড্রোন কমপ্লেক্সের ভেতরে আঘাত হানে।এ ঘটনায় মার্কিন দূতাবাসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

নিরাপত্তা সূত্র জানায়, জাদরিয়াহর যে ভবনে হামলা চালানো হয়, সেটি ইরান-সমর্থিত জনপ্রিয় আন্দোলন বাহিনী (পিএমএফ)-এর একটি ঘাঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছিল। ২০১৪ সালে আইএসআইএল প্রতিরোধে গঠিত এই জোটভুক্ত বাহিনীগুলো পরে ইরাকের রাষ্ট্রীয় নিরাপত্তা কাঠামোর অন্তর্ভুক্ত হয়, যার অনেকাংশই তেহরানের ঘনিষ্ঠ।

এর আগে একই দিনে গ্রিন জোনের কাছে অবস্থিত আল-রশীদ (রয়্যাল টিউলিপ) হোটেলের ছাদে বিস্ফোরকবোঝাই একটি ড্রোন আঘাত হানে। এতে অল্প পরিসরে আগুন লাগলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। হোটেলটিতে ইউরোপীয় ইউনিয়ন ও সৌদি আরবসহ বিভিন্ন দেশের কূটনৈতিক মিশন এবং বিদেশি কোম্পানির কর্মীরা অবস্থান করেন।

স্থানীয় সূত্রগুলো বলছে, আনবার প্রদেশের আল-কাইম এলাকায় পিএমএফ সদস্যদের একটি চেকপোস্টে সন্দেহভাজন মার্কিন হামলায় অন্তত আটজন নিহত হওয়ার পর এর প্রতিশোধ হিসেবেই এসব হামলা চালানো হতে পারে।

এদিকে ইরাকি সেনাবাহিনী ওই হামলাকে “বিশ্বাসঘাতক ও কাপুরুষোচিত” আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে এবং সতর্ক করেছে যে, নিরাপত্তা বাহিনীর ওপর হামলার কোনো প্রচেষ্টাই সহ্য করা হবে না।

একই সময়ে দেশের জ্বালানি অবকাঠামোও হামলার শিকার হয়েছে। দক্ষিণাঞ্চলের বসরা প্রদেশের মাজনুন তেলক্ষেত্রে দুটি ড্রোন আঘাত হানে বলে জানিয়েছে নিরাপত্তা কর্মকর্তারা। যদিও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র-ইসরায়েল বনাম ইরান যুদ্ধের প্রভাবে ইরাক ক্রমেই সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে, যেখানে আঞ্চলিক শক্তিগুলোর দ্বন্দ্ব সরাসরি সংঘর্ষে রূপ নিচ্ছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪