আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি সত্ত্বেও ইরানের সঙ্গে কোনো ধরনের আলোচনা হয়নি বলে জানিয়েছে তেহরান। একই সঙ্গে ট্রাম্প সময়ক্ষেপণ এবং জ্বালানি বাজারে চাপ কমানোর উদ্দেশ্যে এমন বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ করেছে দেশটি।
এর আগে ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দাবি করেন, গত দুই দিনে ইরানের সঙ্গে ‘ভালো ও ফলপ্রসূ আলোচনা’ হয়েছে। এ প্রেক্ষিতে তিনি ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার পরিকল্পনা পাঁচ দিনের জন্য স্থগিত রাখার ঘোষণা দেন।
তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আধা-সরকারি বার্তাসংস্থা মেহের নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি। তার ভাষ্য অনুযায়ী, ট্রাম্প মূলত সময়ক্ষেপণ করতে চান এবং জ্বালানির দাম কমানোর লক্ষ্যেই এ ধরনের বক্তব্য দিচ্ছেন। সময় এলে তিনি তার সামরিক পরিকল্পনা বাস্তবায়ন করবেন।
আরাগচি আরও বলেন, অঞ্চলের বিভিন্ন দেশ উত্তেজনা প্রশমনে উদ্যোগ নিচ্ছে, তবে এ বিষয়ে তাদের যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করা উচিত, কারণ যুদ্ধের সূচনা করেছে ওয়াশিংটনই।
ট্রাম্পের এই ঘোষণার পর ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো দাবি করেছে, পাল্টা হামলার হুমকির মুখে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পিছু হটতে বাধ্য হয়েছেন।
এর আগে গত শনিবার ট্রাম্প ইরানকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন। তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন, নির্ধারিত সময়ের মধ্যে হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানের বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হবে। তবে নতুন ঘোষণার মাধ্যমে তিনি সেই অবস্থান থেকে সরে এসেছেন। সূত্র: আলজাজিরা
রিপোর্টার্স২৪/এসসি