আন্তর্জাতিক ডেস্ক: ইরান জানিয়েছে, মিত্র দেশের জাহাজগুলো তাদের কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে হরমুজ প্রনালী দিয়ে চলাচল করতে পারবে। মঙ্গলবার প্রকাশিত ফিনেনসিয়াল টাইমস-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও)-এর সদস্য দেশগুলোর কাছে পাঠানো এক চিঠিতে এ শর্তের কথা জানায় তেহরান। সেখানে বলা হয়েছে, মিত্র জাহাজগুলো ইরানি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করলে প্রণালীটি ব্যবহার করতে পারবে।
চিঠিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় উল্লেখ করেছে, দেশটির বিরুদ্ধে চলমান আগ্রাসন ঠেকাতে এবং তা ব্যবহার করে কোনো শত্রু পক্ষ যাতে সুবিধা নিতে না পারে, সে জন্য ‘প্রয়োজনীয় ও সমানুপাতিক’ ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে চিঠিতে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজসহ আগ্রাসনে জড়িত অন্যান্য পক্ষের জাহাজগুলো ‘নির্দোষ বা মিত্র চলাচলের’ আওতায় পড়বে না।
রয়টার্স জানায়, বিষয়টি তাৎক্ষণিকভাবে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি রুটগুলোর একটি হরমুজ প্রণালী দিয়ে বৈশ্বিক তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় এক-পঞ্চমাংশ পরিবহন হয়। তবে সাম্প্রতিক যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরান সংঘাতের কারণে এ পথে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে ব্যাহত হয়েছে, ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহেও প্রভাব পড়ছে।
উল্লেখ্য, লন্ডনভিত্তিক আইএমও আন্তর্জাতিক নৌপরিবহনের নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষার দায়িত্বে নিয়োজিত একটি সংস্থা, যার সদস্য দেশ সংখ্যা ১৭৬।
রিপোর্টার্স২৪/বাবি সূত্র: রয়টার্স