আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পস (আইআরজিসি) দেশটির দক্ষিণ উপকূলে অবস্থিত চাবাহার বন্দর এলাকায় একটি মার্কিন এফ-১৮ যুদ্ধবিমানে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে। এ সংক্রান্ত একটি বিবৃতি প্রকাশ করেছে সংস্থাটি।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, ইরানের গণমাধ্যমে সম্প্রতি কয়েকটি ভিডিও প্রকাশ করা হয়েছে, যেখানে একটি মার্কিন এফ-১৮ যুদ্ধবিমানকে উড়তে দেখা যায়। এসব ভিডিওর অন্তত একটি চাবাহার বন্দরের নিকটবর্তী টিস সেতু এলাকায় ধারণ করা হয়েছে বলে দাবি করা হয়েছে।
প্রকাশিত ভিডিওতে দেখা যায়, উড়ন্ত যুদ্ধবিমানটির দিকে প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় এবং এর পেছনের অংশে বিস্ফোরণ ঘটে। তবে বিমানটি ভূপাতিত হয়েছে, এমন কোনো নিশ্চিত প্রমাণ বা ভিডিও পাওয়া যায়নি।
এদিকে, যুক্তরাষ্ট্র ইরানের এই দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করেছে। দেশটির সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) একে ‘ভিত্তিহীন’ ও ‘মিথ্যা’ বলে উল্লেখ করে জানিয়েছে, কোনো মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হয়নি।
উল্লেখ্য, এফ/এ-১৮ হর্নেট বা সুপার হর্নেট যুদ্ধবিমান মার্কিন নৌবাহিনী ও মেরিন কোরের অন্যতম প্রধান শক্তি হিসেবে বিবেচিত। এই বহুমুখী যুদ্ধবিমানগুলো বিমানবাহী রণতরী থেকে পরিচালনার উপযোগী এবং আরব সাগর ও ভারত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক টহল ও অভিযানে নিয়মিত ব্যবহৃত হয়।
রিপোর্টার্স২৪/এসসি