আন্তর্জাতিক ডেস্ক: লেবাননে চলমান সংঘাতে ৩ লাখ ৭০ হাজারের বেশি শিশু ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে বলে জানিয়েছে ইউনিসেফ। একই সঙ্গে অন্তত ১২১ শিশু নিহত এবং ৩৯৯ শিশু আহত হয়েছে।
শুক্রবার এক বিবৃতিতে লেবাননে ইউনিসেফের প্রতিনিধি মারকোলুইজি করসি এ তথ্য জানান। তিনি বলেন, ইসরায়েলের সামরিক অভিযান এবং হিজবুল্লাহর সঙ্গে সংঘাতের জেরে শিশুদের ওপর ভয়াবহ মানবিক প্রভাব পড়ছে।
ইউনিসেফ জানায়, চলমান সহিংসতায় বহু পরিবার নিরাপদ আশ্রয়ের খোঁজে বাস্তুচ্যুত হচ্ছে। অনেক শিশু স্কুল বা অস্থায়ী আশ্রয়কেন্দ্রে দিন কাটাচ্ছে, যেখানে তাদের মৌলিক চাহিদা পূরণও কঠিন হয়ে পড়েছে।
সংস্থাটি সতর্ক করে বলেছে, সহিংসতা অব্যাহত থাকলে শিশুদের জীবন আরও ঝুঁকির মুখে পড়বে এবং মানবিক সংকট আরও গভীর হতে পারে।
রিপোর্টার্স২৪/এসসি