| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জ্বালানি স্থাপনায় পাল্টাপাল্টি হামলার হুমকি যুক্তরাষ্ট্র-তেহরানের

হরমুজ প্রণালী খুলতে ইরানকে ১০ দিনের আল্টিমেটাম যুক্তরাষ্ট্রের

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৭, ২০২৬ ইং | ২১:০০:১৫:অপরাহ্ন  |  ১৯০৮৯০ বার পঠিত
হরমুজ প্রণালী খুলতে ইরানকে ১০ দিনের আল্টিমেটাম যুক্তরাষ্ট্রের
ছবির ক্যাপশন: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে জ্বালানি স্থাপনায় হামলার হুমকির সময়সীমা আরও ১০ দিন বাড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন করে নির্ধারিত সময় অনুযায়ী, আগামী ৭ এপ্রিল পর্যন্ত ইরানকে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে।

ইসরায়েলের সঙ্গে যৌথভাবে শুরু করা এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের দেওয়া ১৫ দফা প্রস্তাব ইরান প্রত্যাখ্যান করার পরই ট্রাম্প এ সিদ্ধান্ত নেন। ইরান সরাসরি কোনো সমঝোতার ইঙ্গিত না দিলেও দেশটির শীর্ষ কর্মকর্তারা বলছেন, কূটনৈতিক প্রচেষ্টা এখনো চালু রয়েছে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর বন্দর থেকে বা সেসব বন্দরের উদ্দেশে যেকোনো নৌ চলাচল নিষিদ্ধ। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটির আশপাশ এলাকা থেকে বেসামরিক মানুষদের সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ অভিযোগ করেছেন, ইরান এখনো ইসরায়েলের বেসামরিক এলাকাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। ফলে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের হামলা আরও বিস্তৃত ও তীব্র করা হবে।

প্রায় এক মাসের এই যুদ্ধে মধ্যপ্রাচ্যজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়েছে। এতে হাজারো মানুষের প্রাণহানি ঘটেছে এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে। তেলের দাম, গ্যাস ও সার,সবকিছুর দাম বেড়ে গিয়ে বিশ্ব অর্থনীতিতে মুদ্রাস্ফীতির চাপ বাড়িয়েছে।

আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট ফেডারেশনের কর্মকর্তা মারিয়া মার্টিনেজের তথ্য অনুযায়ী, ইরানে এখন পর্যন্ত ১,৯০০-এর বেশি মানুষ নিহত এবং অন্তত ২০ হাজার আহত হয়েছেন।

এদিকে, ইরানের মিত্র লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হামলার জেরে ইসরায়েল পাল্টা ব্যাপক অভিযান চালিয়েছে, যার ফলে লেবাননের প্রায় এক-পঞ্চমাংশ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বলছে, তাদের লক্ষ্য হলো,ইরান যাতে আর কখনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা পারমাণবিক কর্মসূচির মাধ্যমে ইসরায়েলের জন্য হুমকি হয়ে উঠতে না পারে। যদিও ইরান দাবি করে, তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত।

তবে যুদ্ধের মধ্যেও ইরান দুর্বল হয়ে পড়েনি। বরং দেশটি পারস্য উপসাগর অঞ্চলে ধারাবাহিক বিমান হামলা চালাচ্ছে এবং বিশ্বে জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে, যার মাধ্যমে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও তরলীকৃত গ্যাস পরিবাহিত হয়।

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের প্রায় এক-তৃতীয়াংশ ধ্বংস হয়েছে। বাকি অংশের একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত বা অকার্যকর হলেও সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন হয়নি।

ট্রাম্প সামাজিক মাধ্যমে দাবি করেছেন, ইরানের সঙ্গে আলোচনা “খুব ভালোভাবেই” এগোচ্ছে। যদিও ইরান বলছে, তারা সরাসরি ওয়াশিংটনের সঙ্গে কোনো আলোচনা করছে না। ট্রাম্পও স্পষ্ট করেননি, কার সঙ্গে যুক্তরাষ্ট্র আলোচনা চালাচ্ছে।

জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়েডফুল জানিয়েছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ যোগাযোগ হয়েছে এবং শিগগিরই পাকিস্তানে সরাসরি বৈঠকের প্রস্তুতি চলছে। পাকিস্তান ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের প্রস্তাব ইরানের কাছে পৌঁছে দিয়েছে এবং বৈঠক আয়োজনেও আগ্রহ দেখিয়েছে।

ইরান সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্র যদি তাদের জ্বালানি স্থাপনায় হামলা চালায়, তাহলে তারা উপসাগরীয় অঞ্চলের জ্বালানি অবকাঠামোতেও পাল্টা হামলা চালাবে। এতে পুরো অঞ্চলের কোটি কোটি মানুষের বিদ্যুৎ ও পানি সরবরাহ মারাত্মকভাবে বিঘ্নিত হতে পারে।

এদিকে, যুদ্ধের প্রভাবে বৈশ্বিক বাজারেও অস্থিরতা দেখা দিয়েছে। ব্রেন্ট ক্রুড তেলের দাম বেড়ে প্রায় ১১১ ডলারে পৌঁছেছে, যা যুদ্ধ শুরুর পর ৫০ শতাংশের বেশি বৃদ্ধি। যুক্তরাষ্ট্রে জ্বালানির দামও বেড়েছে; ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৭.১৭ ডলার প্রতি গ্যালনে পৌঁছেছে।

বিশ্লেষকরা বলছেন, অনেকেই মনে করছেন ইরান এখনো শক্ত অবস্থানে রয়েছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে কার্যকর কোনো সমঝোতা আদৌ হচ্ছে কি না, তা নিয়েও সন্দেহ রয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪