সিনিয়র রিপোর্টার: একাত্তরের মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানের চালানো গণহত্যার বিচারে বাংলাদেশের দাবির প্রতি সমর্থন জানিয়েছে ভারত। শুক্রবার এক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এ কথা বলেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
রণধীর জয়সোয়াল বলেন, ১৯৭১ সালে অপারেশন সার্চলাইটের সময় পাকিস্তান যে ভয়াবহ নৃশংসতা চালিয়েছিল, তাতে লাখ লাখ নিরপরাধ মানুষ নিহত হয় এবং বিপুলসংখ্যক নারী যৌন সহিংসতার শিকার হন। ওই সময় লাখ লাখ মানুষ ভারতে শরণার্থী হিসেবে আশ্রয় নিতে বাধ্য হয়। পাকিস্তান এখনো সেই অপরাধ অস্বীকার করে আসছে বলেও মন্তব্য করেন তিনি। ন্যায়বিচারের লড়াইয়ে ভারত বাংলাদেশের পাশে রয়েছে বলে জানান মুখপাত্র।
তিনি আরও বলেন, বাংলাদেশে নতুন সরকার গঠনের পর দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নিতে ভারত আগ্রহী। বাংলাদেশের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লোকসভার স্পিকার ওম বিড়লার মাধ্যমে একটি অভিনন্দনপত্র পাঠিয়েছিলেন, যেখানে দ্বিপক্ষীয় সম্পর্কের ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরা হয়েছে।
জয়সোয়াল বলেন, দুই দেশের মধ্যে আলোচনা চলছে। ভারত কেবল বাংলাদেশে সঙ্গে বৈচিত্র্যময় সম্পর্ক বজায় রাখতে নয়, বরং তা আরও শক্তিশালী ও বিস্তৃত করতে চায়।
রিপোর্টার্স২৪/বাবি