আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘ ঘোষণা করেছে, ইরান যুদ্ধে হরমুজ প্রণালির মাধ্যমে বাণিজ্য প্রবাহ বজায় রাখার জন্য একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হচ্ছে। সংস্থাটি সতর্ক করেছে, সংঘাতের কারণে বাণিজ্য বন্ধ হলে বিশ্বজুড়ে খাদ্য ও মানবিক সংকট আরও বাড়তে পারে।
জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, এই প্রভাব কমাতে অবিলম্বে পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি। তিনি জানান, আন্ডার-সেক্রেটারি-জেনারেল ও জাতিসংঘের প্রোজেক্ট সার্ভিসেসের নির্বাহী পরিচালক জর্জ মোরেইরা দা সিলভা টাস্ক ফোর্সের নেতৃত্ব দেবেন।
দুজারিক আরও বলেন, নতুন টাস্ক ফোর্সটি ইউক্রেনের ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভ এবং গাজার জন্য UN2720 মেকানিজমসহ অন্যান্য জাতিসংঘ প্রকল্প থেকে অনুপ্রেরণা নেবে। তিনি জানান, টাস্ক ফোর্সটি সংশ্লিষ্ট সব সদস্য রাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করবে এবং আশা করা হচ্ছে, সবাই সমর্থন জানাবে, বিশেষ করে সেইসব মানুষের জন্য যারা ইতিমধ্যেই সংঘাতের প্রভাবে ক্ষতিগ্রস্ত।
বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, সার সরবরাহে বিঘ্ন ও জ্বালানির দামের উর্ধ্বগতি ঝুঁকিপূর্ণ দেশে খাদ্যের দাম বৃদ্ধি করতে পারে। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে, যদি ইরান যুদ্ধ জুন পর্যন্ত চলে, তবে কয়েক কোটি মানুষ তীব্র ক্ষুধার সম্মুখীন হতে পারেন।রয়টার্স
রিপোর্টার্স২৪/এসসি