| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আমিরাতকে ‘শত্রু’ ঘোষণা ইরানের, বিধ্বংসী হামলার হুঁশিয়ারি

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৮, ২০২৬ ইং | ১৯:৫১:১০:অপরাহ্ন  |  ১৮২১২৭ বার পঠিত
আমিরাতকে ‘শত্রু’ ঘোষণা ইরানের, বিধ্বংসী হামলার হুঁশিয়ারি
ছবির ক্যাপশন: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাত নতুন মাত্রা পেয়েছে। এবার সংযুক্ত আরব আমিরাতকে সরাসরি ‘শত্রু রাষ্ট্র’ হিসেবে বিবেচনার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানি কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, দেশটির ভূখণ্ড ব্যবহার করে ইরানের বিরুদ্ধে কোনো স্থল অভিযান চালানো হলে আমিরাতের রাষ্ট্রীয় ও বাণিজ্যিক স্থাপনাগুলো লক্ষ্য করে ব্যাপক হামলা চালানো হবে।

আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে জানা গেছে, তেহরানের ধারণা, সংঘাতের শুরু থেকেই আমিরাত পরোক্ষভাবে যুক্ত ছিল। ইরানের এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা দাবি করেছেন, আমিরাত তাদের কিছু বিমানঘাঁটি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের জন্য উন্মুক্ত করে দিয়েছে। এছাড়া গোয়েন্দা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণে আমিরাতের উন্নত প্রযুক্তি ব্যবহারের অভিযোগও তুলেছে তেহরান।

একই সঙ্গে ইরানের অভিযোগ, ওমানসহ বিভিন্ন স্থানে তথাকথিত ‘ফলস-ফ্ল্যাগ’ হামলায় ইসরায়েলকে সহায়তা করেছে আমিরাত। যদিও এসব অভিযোগের বিষয়ে আমিরাতের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এদিকে, ইরানের কূটনৈতিক সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্র সম্ভাব্য স্থল অভিযানের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং এ ক্ষেত্রে উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলো ব্যবহৃত হতে পারে। বিশেষ করে ইরানের তেল রপ্তানির প্রধান কেন্দ্র খার্গ দ্বীপ এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কাশম দ্বীপ এখন মার্কিন লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তেহরান সতর্ক করে বলেছে, এতদিন তারা মূলত সামরিক ও গোয়েন্দা স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে ইরানের ভূখণ্ডে সরাসরি স্থল অভিযান শুরু হলে সেই ‘সংযম’ আর বজায় থাকবে না। তখন হামলার পরিধি বাড়িয়ে সংশ্লিষ্ট দেশের সব ধরনের গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানা হতে পারে।

ইরানের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, যে দেশ থেকে ইরানের বিরুদ্ধে আক্রমণ চালানো হবে, তাকে সরাসরি আগ্রাসী হিসেবে বিবেচনা করা হবে। ইতোমধ্যে এ বার্তা সংশ্লিষ্ট দেশগুলোর কাছে পৌঁছে দেওয়া হয়েছে বলেও দাবি করেছে তেহরান।

বিশ্লেষকদের মতে, এমন কড়া অবস্থান মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে এবং চলমান সংঘাতকে বৃহত্তর আঞ্চলিক যুদ্ধে রূপ দেওয়ার ঝুঁকি বাড়াচ্ছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪