| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ

লেবাননে ইসরায়েলি হামলায় ৩ সাংবাদিক নিহত

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৮, ২০২৬ ইং | ২২:০৩:১৩:অপরাহ্ন  |  ১৮১৮৮০ বার পঠিত
লেবাননে ইসরায়েলি হামলায় ৩ সাংবাদিক নিহত
ছবির ক্যাপশন: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের দক্ষিণাঞ্চলে একটি স্পষ্টভাবে চিহ্নিত সংবাদমাধ্যমের গাড়িতে ইসরায়েলি বিমান হামলায় তিন সাংবাদিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন সাংবাদিক আহত হন এবং একজন প্যারামেডিকও প্রাণ হারান।

শনিবার (২৮ মার্চ) জেজিন সড়কে এই হামলার ঘটনা ঘটে। নিহতরা হলেন আল-মায়াদিনের ফাতিমা ফতুনি ও তার সহকর্মী ও ভাই মোহাম্মদ, এবং আল-মানার টেলিভিশনের সাংবাদিক আলি শুয়াইব। সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোর বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়, সাংবাদিকদের বহনকারী গাড়িটিতে চারটি নির্ভুল ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। পরে আহতদের উদ্ধারে গেলে অ্যাম্বুলেন্স লক্ষ্য করেও হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে, যাতে এক প্যারামেডিক নিহত হন।

ইসরায়েলি সামরিক বাহিনী হামলার কথা স্বীকার করে দাবি করেছে, নিহত আলি শুয়াইব হিজবুল্লাহর গোয়েন্দা ইউনিটের সঙ্গে যুক্ত ছিলেন এবং দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের গতিবিধি পর্যবেক্ষণ করছিলেন। তবে আল-মানার এই অভিযোগ অস্বীকার করে তাকে দীর্ঘদিনের অভিজ্ঞ যুদ্ধ সংবাদদাতা হিসেবে উল্লেখ করেছে।

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এই ঘটনাকে ‘স্পষ্টতই একটি গুরুতর অপরাধ’ আখ্যা দিয়ে বলেছেন, এটি আন্তর্জাতিক মানবিক আইন এবং সাংবাদিকদের সুরক্ষাবিষয়ক নীতিমালার লঙ্ঘন। তিনি ১৯৪৯ সালের জেনেভা কনভেনশন এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৭৩৮ নম্বর প্রস্তাবের কথা উল্লেখ করে বলেন, সশস্ত্র সংঘাতে সাংবাদিকদের আন্তর্জাতিকভাবে সুরক্ষিত থাকার কথা।

দেশটির প্রধানমন্ত্রী নাওয়াফ সালামও হামলাটিকে আন্তর্জাতিক আইনের ‘জঘন্য লঙ্ঘন’ বলে নিন্দা জানিয়েছেন।

আল-মায়াদিন জানিয়েছে, চলমান সংঘাতে ইতোমধ্যে তাদের ছয়জন সাংবাদিক নিহত হয়েছেন। অন্যদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় দেশটিতে এক হাজারের বেশি মানুষ নিহত এবং কয়েক হাজার আহত হয়েছেন।

এদিকে দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের অগ্রসর হওয়া এবং হিজবুল্লাহর পাল্টা হামলায় পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। বিশ্লেষকদের মতে, সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা চলমান আঞ্চলিক সংঘাতকে আরও উদ্বেগজনক করে তুলছে। আল জাজিরা

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪