| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যুক্তরাষ্ট্রের জন্য আকাশপথ বন্ধ করল স্পেন

reporter
  • আপডেট টাইম: মার্চ ৩০, ২০২৬ ইং | ২২:৫৫:৩০:অপরাহ্ন  |  ১৬৫২০৩ বার পঠিত
যুক্তরাষ্ট্রের জন্য আকাশপথ বন্ধ করল স্পেন
ছবির ক্যাপশন: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধ নিয়ে ইউরোপে বিভাজন স্পষ্ট হতে শুরু করেছে। এরই মধ্যে কড়া অবস্থান নিয়েছে স্পেন, যারা মার্কিন সামরিক উড়োজাহাজের জন্য নিজেদের আকাশপথ বন্ধ করে দিয়েছে।

সোমবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিশ্চিত করে জানায়, ইরানবিরোধী যুদ্ধে যুক্ত কোনো সামরিক অভিযানের জন্য স্পেন তাদের আকাশসীমা বা ঘাঁটি ব্যবহারের অনুমতি দেবে না। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর প্রকাশ করেছে।

এই সিদ্ধান্তের ফলে ইউরোপে অবস্থানরত মার্কিন সামরিক বিমানগুলো মধ্যপ্রাচ্যে যেতে আর স্পেনের আকাশপথ ব্যবহার করতে পারবে না। জরুরি পরিস্থিতি ছাড়া তাদের বিকল্প রুট বেছে নিতে হবে।

স্পেনের প্রতিরক্ষামন্ত্রী মার্গারিটা রোবেলস বলেন, ইরান যুদ্ধের সঙ্গে সম্পর্কিত কোনো কর্মকাণ্ডের জন্য আমরা আমাদের সামরিক ঘাঁটি বা আকাশপথ ব্যবহারের অনুমতি দেবো না। স্পেনের অবস্থান অত্যন্ত পরিষ্কার—এই যুদ্ধ গভীর অন্যায় এবং সম্পূর্ণ অবৈধ।

এর আগে দেশটির প্রভাবশালী সংবাদপত্র এল পাইস প্রথম এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করে। পরে সরকার আনুষ্ঠানিকভাবে তা নিশ্চিত করে।

স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ শুরু থেকেই এই যুদ্ধের বিরোধিতা করে আসছেন। তিনি যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান—তিন পক্ষকেই যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে বলেছেন, “একটি অবৈধ কাজের জবাব আরেকটি অবৈধ কাজ দিয়ে দেওয়া যায় না। এভাবেই মানবজাতির বড় বিপর্যয় শুরু হয়।”

তবে স্পেনের এই অবস্থান যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপড়েন তৈরি করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে মাদ্রিদের সঙ্গে বাণিজ্য বন্ধের হুমকি দিয়েছেন।

স্পেনের অর্থমন্ত্রী কার্লোস কুয়ের্পো বলেন, এটি কোনো বিচ্ছিন্ন সিদ্ধান্ত নয়; বরং আন্তর্জাতিক আইনবিরোধী যুদ্ধে অংশ না নেওয়ার নীতিরই অংশ। সরকার ইতোমধ্যে রোটা ও মোরোন ঘাঁটি ব্যবহারের আবেদন এবং আকাশপথে জ্বালানি রিফুয়েলিংয়ের অনুরোধও নাকচ করেছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, দ্বিপাক্ষিক চুক্তির আওতায় ইউরোপে অবস্থানরত প্রায় ৮০ হাজার মার্কিন সেনার লজিস্টিক সহায়তা চললেও যুদ্ধসংক্রান্ত কার্যক্রমে কোনো সহায়তা দেওয়া হবে না।

বিশ্লেষকদের মতে, ১৯৯১ সালের উপসাগরীয় যুদ্ধের পর থেকে তৃতীয় কোনো দেশে হামলার ক্ষেত্রে সামরিক ঘাঁটি ব্যবহার না করার যে নীতি স্পেন অনুসরণ করে আসছে, এবারও তারা সেই অবস্থানেই অনড় রয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪