| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাশিয়ার উস্ত-লুগা বন্দরে আবারও ইউক্রেনের ড্রোন হামলা, তেল টার্মিনাল ক্ষতিগ্রস্ত

reporter
  • আপডেট টাইম: মার্চ ৩১, ২০২৬ ইং | ১৫:১২:৩৩:অপরাহ্ন  |  ১৬০৮২৭ বার পঠিত
রাশিয়ার উস্ত-লুগা বন্দরে আবারও ইউক্রেনের ড্রোন হামলা, তেল টার্মিনাল ক্ষতিগ্রস্ত
ছবির ক্যাপশন: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার বাল্টিক সাগর তীরবর্তী গুরুত্বপূর্ণ বন্দর উস্ত-লুগায় আবারও ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত ১০ দিনের মধ্যে এটি পঞ্চম হামলা। এতে একটি তেল লোডিং টার্মিনাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, মঙ্গলবারের এ হামলায় রুশ তেল রপ্তানি কার্যক্রমে নতুন করে চাপ তৈরি হতে পারে। সাম্প্রতিক সময়ে ইউক্রেন রাশিয়ার জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে হামলার মাত্রা বাড়িয়েছে।

সূত্র মতে, রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পাইপলাইন কোম্পানি ট্রান্সনেফ্টর পরিচালিত অপরিশোধিত তেল লোডিং স্থাপনাই সর্বশেষ হামলার লক্ষ্যবস্তু ছিল। তবে এ বিষয়ে প্রতিষ্ঠানটি তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

রাশিয়ার লেনিনগ্রাদ অঞ্চলের গভর্নর আলেকজান্ডার ড্রোজডেঙ্কো জানিয়েছেন, রাতের হামলায় অন্তত তিনজন আহত হয়েছেন, যাদের মধ্যে দুই শিশু রয়েছে। কয়েকটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

টেলিগ্রামে দেওয়া এক বার্তায় তিনি বলেন, হামলার পর জারি করা সতর্কতা তুলে নেওয়া হয়েছে, তবে বন্দরের ক্ষয়ক্ষতির বিস্তারিত জানানো হয়নি।

বাল্টিক সাগরের ফিনল্যান্ড উপসাগরের তীরে অবস্থিত উস্ত-লুগা বন্দর রাশিয়ার অন্যতম বৃহৎ তেল প্রক্রিয়াকরণ ও রপ্তানি কেন্দ্র। গত বছর এ বন্দর দিয়ে প্রায় ৩ কোটি ২৯ লাখ টন তেলজাত পণ্য রপ্তানি হয়েছে। প্রতিদিন গড়ে প্রায় ৭ লাখ ব্যারেল অপরিশোধিত তেল এখান থেকে পরিবহন করা হয়।

গত ২২, ২৫, ২৭, ২৯ ও ৩১ মার্চ—এই পাঁচ দফা হামলার কারণে বন্দরের রপ্তানি কার্যক্রম বারবার স্থগিত করতে হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

রয়টার্সের হিসাব অনুযায়ী, ড্রোন হামলা, পাইপলাইন বিঘ্ন এবং ট্যাংকার জব্দের কারণে রাশিয়ার মোট তেল রপ্তানি সক্ষমতার প্রায় ৪০ শতাংশ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, বৈশ্বিক জ্বালানি বাজারে মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে কিছু মিত্র দেশ রাশিয়ার জ্বালানি খাতে দূরপাল্লার হামলা কমানোর বিষয়ে কিয়েভকে ইঙ্গিত দিয়েছে।

বিশ্লেষকদের মতে, জ্বালানি অবকাঠামোতে ধারাবাহিক হামলা রাশিয়ার তেল রপ্তানি ও বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪