| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চরভদ্রাসনে প্রবাসীর জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৩, ২০২৬ ইং | ১৫:৪২:০৫:অপরাহ্ন  |  ৩৭৫১৮১ বার পঠিত
চরভদ্রাসনে প্রবাসীর জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার খান মামুদের ডাঙ্গী গ্রামের আব্দুস সালামের ছেলে কুয়েতপ্রবাসী রাজিব মাহমুদ (৩৭)-এর বসতভিটা সংলগ্ন ১৮ শতাংশ জমি প্রতিপক্ষরা জোরপূর্বক দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার। একই গ্রামের প্রভাবশালী প্রতিবেশী প্রতিপক্ষরা হলেন—মেহেদী হাসান, ইমরান মাহমুদ ও সজিব গং। তারা প্রবাসী রাজিব মাহমুদের বসতভিটার জমির বাউন্ডারি ওয়ালের তিনটি পিলার ভেঙে দিয়েছে, জমির মালিকানা স্বত্বের সাইনবোর্ড তুলে নিয়ে গেছে।  এ ব্যাপারে উক্ত প্রবাসী বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় তার বসতবাড়ির আঙিনায় এক সংবাদ সম্মেলন করেছেন।

সংবাদ সম্মেলনে কুয়েতপ্রবাসী রাজিব মাহমুদ। তিনি জানান, প্রবাস জীবনের অনেক কষ্টে অর্জিত অর্থ দিয়ে তার বসতভিটা সংলগ্ন প্রকৃত মালিকদের কাছ থেকে তিনি ১০.৩৯ শতাংশ জমি ক্রয় করেন। তার ক্রয়কৃত ওই জমির সঙ্গে তার মা রেজিয়া বেগমের পৈতৃক ওয়ারিশসূত্রে প্রাপ্ত জমি মিলিয়ে তাদের মোট ১৮ শতাংশ জমি রয়েছে। উক্ত জমিতে দীর্ঘদিন ধরে প্রবাসী রাজিব মাহমুদের দখল রয়েছে এবং সেখানে প্রবাসীর বসতঘর, দরজা, গাছপালা ও বৃক্ষরাজিসহ বাউন্ডারি ওয়াল রয়েছে। উক্ত জমি ক্রয়ের পর রাজিব মাহমুদ জমির নামপত্তন জারি (মিউটেশন) করেছেন এবং ভূমি উন্নয়ন কর পরিশোধ করে আসছেন। উক্ত প্রবাসীর জমির নামপত্তন জারির খতিয়ান নং ২০০৫-১০০০০৭। প্রবাসীর বসতভিটার জমিটি দিয়ারা ২৬/১১ নং চরভদ্রাসন মৌজার ২৩৯ নং খতিয়ানের ৫১৪৪, ৫১৪২, ৫২২৭ ও ৫২২৯ নং দাগের অন্তর্ভুক্ত।

তিনি জানান, তারা দুই ভাই বিদেশে থাকেন এবং বাবা-মা বৃদ্ধ। তাই প্রবাসীর পরিবারের জনশূন্যতার সুযোগে প্রভাবশালী প্রতিবেশী মেহেদী হাসান গং প্রবাসীর জমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রতিপক্ষরা প্রবাসীর জমির পাশে একখণ্ড সিকস্তি ভূমির দলিল তৈরি করে সাড়ে ২৫ শতাংশ জমির মালিকানা দাবি করে যাচ্ছে এবং প্রবাসীর জমি দখলের জন্য বিভিন্ন কূটকৌশল চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে স্থানীয়রা ৭/৮ দফায় আপোষ-মীমাংসার জন্য সালিশ বৈঠকের দিন ধার্য করলেও প্রতিপক্ষ মেহেদী হাসান গংরা সালিশ বৈঠকে হাজিরা দেয়নি বলে জানা যায়। এছাড়া চরভদ্রাসন থানায় আরও দুই দফায় সালিশ বৈঠকের আয়োজন করা হলেও মেহেদী হাসান গংরা সালিশে হাজির হয়নি বলে উক্ত প্রবাসী জানান।

প্রবাসী রাজিব মাহমুদ আরও জানান, গত ২৯ মার্চ দিবাগত গভীর রাতে প্রতিপক্ষ মেহেদী হাসান গংরা দলবল নিয়ে প্রবাসীর দখলীয় বসতভিটার জমিতে তাণ্ডব চালায়। তারা জমির মালিকানা স্বত্বের সাইনবোর্ড তুলে নিয়ে যায়। সন্ত্রাসী বাহিনী দিয়ে তারা প্রবাসীর বসতভিটার জমির বাউন্ডারি ওয়ালের তিনটি পিলার গুড়িয়ে দেয়। একই সঙ্গে ভাড়াটিয়া সন্ত্রাসীদের দিয়ে প্রবাসীর জমিতে দিনরাত মহড়া চালিয়ে যাচ্ছে প্রতিপক্ষরা। এছাড়া প্রবাসীর মোবাইল ফোনে তার প্রাণনাশের হুমকি দিয়ে প্রতিপক্ষরা প্রতিনিয়ত ভয়েস মেসেজ পাঠাচ্ছে বলেও জানান তিনি।

এ অবস্থায় কোনো উপায় না পেয়ে উক্ত কুয়েতপ্রবাসী চরভদ্রাসন থানায় একটি অভিযোগপত্র দায়ের করলে পুলিশ উভয় পক্ষকে কাগজপত্রসহ আগামী ৩ এপ্রিল থানায় হাজির হয়ে আপোষ-মীমাংসার বৈঠকে বসার দিন ধার্য করে। কিন্তু প্রতিপক্ষ মেহেদী হাসান চতুরতার সঙ্গে গত ১ এপ্রিল ফরিদপুর কোর্টে গিয়ে বিরোধীয় জমির ওপর ১৪৪ ধারা জারির আবেদন করেন। এতে করে আপোষ-মীমাংসার বৈঠকও স্থবির হয়ে পড়েছে বলে জানা যায়।

এ ব্যাপারে বৃহস্পতিবার চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেনকে জিজ্ঞেস করলে তিনি জানান, “যেহেতু মেহেদী হাসান কোর্টে ১৪৪ ধারা জারির জন্য আবেদন করেছেন, তাই পুলিশ আর আপোষের জন্য ডাকতে পারে না। জমির বিষয় কোর্টই দেখবে। তবে স্থানীয়রা গোপনে আপোষ করলে সেটা তাদের ব্যাপার।”

আর এ ব্যাপারে বৃহস্পতিবার প্রতিপক্ষ মেহেদী হাসানকে জিজ্ঞেস করলে তিনি জানান, “আমি গঞ্জর আলী বেপারী গংদের কাছ থেকে জমি ক্রয় করেছি। তাই ক্রয়সূত্রে আমি জমির মালিকানা দাবি করছি। তবে আমার দলিল পরে হলেও আমার দাতা সঠিক বলে আমি দাবি করছি।”

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪