| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জয়পুরহাটে ডায়রিয়ার প্রকোপ, ৩ দিনে হাসপাতালে দেড় শতাধিক রোগী

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৪, ২০২৬ ইং | ০৪:০৬:০৫:পূর্বাহ্ন  |  ১০৪০৭৩২ বার পঠিত
জয়পুরহাটে ডায়রিয়ার প্রকোপ, ৩ দিনে হাসপাতালে দেড় শতাধিক রোগী

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে হঠাৎ করেই ডায়রিয়ার প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে। গত তিন দিনে জেলা শহরের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে প্রায় দেড় শতাধিক রোগী ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে বড় একটি অংশই শিশু, যাদের বয়স ১ থেকে ৫ বছরের মধ্যে।

রোগীর চাপ অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষকে হিমশিম খেতে হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে হাসপাতালের তৃতীয় তলার ডায়রিয়া ওয়ার্ডটিকে নিচতলায় স্থানান্তর করা হয়েছে। তবে সেখানেও ঠাঁই হচ্ছে না রোগীদের। শয্যা সংকটের কারণে নিরুপায় হয়ে অনেক রোগীকে হাসপাতালের ১ নম্বর ওয়ার্ডের মেঝে ও করিডোরে শুয়ে চিকিৎসা নিতে দেখা গেছে।

হাসপাতালের তথ্য অনুযায়ী, গত তিন দিনে মোট দেড় শতাধিক রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে গতকাল বৃহস্পতিবার (২ এপ্রিল) নতুন করে ভর্তি হয়েছেন ২৬ জন। বর্তমানে হাসপাতালে ৫২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন, আর গত কয়েক দিনে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩৬ জন। স্বস্তির বিষয় হলো, এখন পর্যন্ত ডায়রিয়ায় আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সরদার রাশেদ মোবারক জুয়েল জানান, ডায়রিয়া একটি পানিবাহিত রোগ। মূলত খাবারের ত্রুটি থেকেই এই রোগের ব্যাপকতা বেড়েছে বলে আমরা ধারণা করছি। হঠাৎ রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় আমরা নিচতলায় বিশেষ চিকিৎসার ব্যবস্থা করেছি। বর্তমানে হাসপাতালে পর্যাপ্ত আইভি স্যালাইনসহ প্রয়োজনীয় ওষুধের মজুত রয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪