সিনিয়র রিপোর্টার: যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত শত্রুপক্ষের ১৬০টিরও বেশি ড্রোন এবং বেশ কিছু অত্যাধুনিক যুদ্ধবিমান সফলভাবে ধ্বংসের দাবি করেছে ইরান। দেশটির সামরিক বাহিনী এখন যেকোনো উচ্চ প্রযুক্তির ড্রোন এবং পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট মোকাবিলায় সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ।
শনিবার ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনীর জয়েন্ট হেডকোয়ার্টার্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলিরেজা এলহামি ওই দাবি করেছেন।
ইরানের সেনাবাহিনী ও ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) আকাশ প্রতিরক্ষা অবস্থানগুলো পরিদর্শনের সময় তিনি বলেছেন, ইরানি ইউনিটগুলো সফলভাবে শত্রুদের কয়েকটি উন্নত যুদ্ধবিমান, ১৬০টিরও বেশি ড্রোন ধ্বংস করেছে। এর মধ্যে এমকিউ-৯, হার্মিস ও লুকাস মডেলের ড্রোন ও কয়েক ডজন ক্রুজ ক্ষেপণাস্ত্রও রয়েছে।
আলিরেজা এলহামি বলেছেন, শত্রুরা কোনও আক্রমণাত্মক অভিযান চালানোর আগেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে; যা হামলাকারীদের ‘‘কাল্পনিক প্রচারণা’’ ভেঙে দিয়েছে।
তিনি আরও বলেছেন, ইরানি বাহিনী শত্রুপক্ষের বিমান ও ড্রোনের জন্য ওত পেতে আছে। সেনাবাহিনী এবং আইআরজিসি ইউনিট শত্রুপক্ষের একাধিক চতুর্থ ও পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানকে লক্ষ্যবস্তু ও ভূপাতিত করা ছিল মূলত কৌশলগত দক্ষতা, আধুনিক সরঞ্জামের উদ্ভাবনী ব্যবহার এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নৈপুণ্যের ফল; যা শত্রু বাহিনীকে বিভ্রান্ত করে দিয়েছে।
তিনি বলেন, সেনাবাহিনী ও আইআরজিসির সব আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্ক ঐক্যবদ্ধ এবং যেকোনও মূল্যে ইরানের আকাশসীমা রক্ষায় অঙ্গীকারবদ্ধ।
সূত্র: তাসনিম নিউজ এজেন্সি।
রিপোর্টার্স২৪/মিতু