| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে হামলা চালিয়েছে ইরান

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৪, ২০২৬ ইং | ২০:৪৭:৪৪:অপরাহ্ন  |  ১২৯৭০৮ বার পঠিত
ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে হামলা চালিয়েছে ইরান

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইসরায়েলের বেন গুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন করে ড্রোন হামলা চালিয়েছে ইরানের সেনাবাহিনী। ইসরায়েলি সামরিক বিমান চলাচল এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা অচল করে দেওয়ার লক্ষ্যে শনিবার ওই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরান।

শনিবার এক বিবৃতিতে ইরানের সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ বলেছে, বেন গুরিয়ান বিমানবন্দরে ইহুদিবাদী শাসকগোষ্ঠীর বিভিন্ন অবস্থান লক্ষ্য করে বড় ধরনের ড্রোন হামলা চালানো হয়েছে।

ইরানিদের উদ্দেশে দেওয়া ওই বিবৃতিতে বলা হয়েছে, ইরানবিরোধী অভিযানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে এই বিমানবন্দরটি ক্রমাগত ব্যবহারের প্রতিবাদে শনিবার ভোর থেকে সেখানকার বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালানো হয়।

‌‘‘লক্ষ্যবস্তু করা স্থাপনাগুলোর মধ্যে নতুন কন্ট্রোল টাওয়ার, ১ ও ২ নম্বর টার্মিনালের কন্ট্রোল টাওয়ার, নেভিগেশন সিস্টেম, বিমানবন্দরের অ্যান্টেনা এবং রাডার সিস্টেম রয়েছে।’’

বিবৃতিতে ইরানের সামরিক বাহিনী বলেছে, ওই ড্রোন হামলার মূল পরিকল্পনা ছিল শত্রুপক্ষের কমান্ড, কন্ট্রোল এবং সামরিক বিমান চলাচলের সমন্বয় ব্যবস্থায় বিঘ্ন ঘটানো।

এর মাধ্যমে ইসরায়েলি আক্রমণকারী যুদ্ধবিমানের দিকনির্দেশনা ব্যাহত, আকাশপথে শত্রুদের তৎপরতায় হস্তক্ষেপ এবং তাদের গোয়েন্দা ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম অকেজো করা হয়েছে। এর ফলে অধিকৃত অঞ্চলের আকাশে নজরদারি চালানোর ক্ষমতাও শত্রুপক্ষের হ্রাস পাবে বলে দাবি করা হয়েছে।

বিবৃতিতে ইরানি সেনাবাহিনী জোর দিয়ে বলেছে, ইরানজুড়ে শহীদদের রক্তের বদলা নেওয়া অনিবার্য। শত্রুর অপরাধ ও আগ্রাসনের বিরুদ্ধে ইরানের সশস্ত্র বাহিনী পূর্ণ শক্তিতে অবিরাম এবং আনুপাতিক জবাব দিয়ে যাবে। সূত্র: তাসনিম নিউজ এজেন্সি।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪