ইন্টারন্যাশনাল ডেস্ক: জাতিসংঘে ইরানের মিশন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের নিন্দা জানিয়ে বলেছে, মার্কিন প্রেসিডেন্ট দেশটির নাগরিকদের বেঁচে থাকার জন্য অপরিহার্য অবকাঠামো ধ্বংসের হুমকি দিচ্ছেন।
এক্সে দেওয়া এক বিবৃতিতে ইরানি মিশন বলেছে, ‘জাতিসংঘের বিবেক যদি জীবিত থাকত, তাহলে যুক্তরাষ্ট্রের যুদ্ধপিপাসু প্রেসিডেন্টের বেসামরিক অবকাঠামো লক্ষ্যবস্তু করার প্রকাশ্য ও নির্লজ্জ হুমকির মুখে নীরব থাকত না। ট্রাম্প অঞ্চলটিকে এক অন্তহীন যুদ্ধে ঠেলে দিতে চাইছেন।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘এটি সরাসরি এবং প্রকাশ্যে বেসামরিক মানুষকে আতঙ্কিত করার উসকানি এবং যুদ্ধাপরাধ করার স্পষ্ট প্রমাণ।’
তারা আরও বলে, ‘এই ধরনের জঘন্য যুদ্ধাপরাধ ঠেকানো আন্তর্জাতিক সম্প্রদায় ও সব রাষ্ট্রের আইনি দায়িত্ব। তাদের এখনই পদক্ষেপ নিতে হবে, আগামীকাল খুব দেরি হয়ে যাবে।’ সূত্র: আল জাজিরা
রিপোর্টার্স২৪/ধ্রুব