| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দক্ষিণ লেবাননে ইসরায়েলের নতুন হামলা, বৈরুতেও বিস্ফোরণ

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৬, ২০২৬ ইং | ১৭:১৯:৩৪:অপরাহ্ন  |  ১০১৭১৪ বার পঠিত
দক্ষিণ লেবাননে ইসরায়েলের নতুন হামলা, বৈরুতেও বিস্ফোরণ
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি, আলজাজিরা

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েল দক্ষিণ লেবাননে নতুন করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে এবং একই সঙ্গে রাজধানী বৈরুত ও আশপাশের এলাকাতেও আঘাত হেনেছে। চলমান সংঘাতে দেশটিতে মানবিক সংকট আরও গভীর হচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে।

বার্তা সংস্থা আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, দক্ষিণ লেবাননের কফর রুম্মান শহরে একটি গাড়িতে হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। এছাড়া লিতানি নদীর দক্ষিণাঞ্চলের জাবাল আমেল এলাকায় একাধিক শহর ও গ্রামে ধারাবাহিক হামলার খবর পাওয়া গেছে।

নাবাতিয়েহ আল-ফাওকা এলাকায় গন্ধুর হাসপাতালের কাছে একটি ইসরায়েলি ড্রোন হামলায় একজন নিহত ও একজন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

পর্যবেক্ষকদের মতে, দক্ষিণ লেবাননের সেতু ও গুরুত্বপূর্ণ যোগাযোগ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়ে অঞ্চলটিকে দেশের অন্যান্য অংশ থেকে বিচ্ছিন্ন করার কৌশল নিচ্ছে ইসরায়েল। এতে প্রায় দেড় লাখ মানুষ মানবিক সহায়তা থেকে বঞ্চিত হওয়ার ঝুঁকিতে পড়েছে।

মানবিক সংস্থা মার্সি কর্পসের লেবানন সংকট বিশ্লেষণ দলের প্রধান এলি ইয়াকুব বলেন, এটি শুধু সামরিক উত্তেজনা নয়, বরং পুরো একটি জনগোষ্ঠীকে পরিকল্পিতভাবে বিচ্ছিন্ন করার প্রচেষ্টা।

তিনি সতর্ক করে বলেন, অবকাঠামোর ব্যাপক ধ্বংস দীর্ঘমেয়াদে উন্নয়নকে কয়েক বছর, এমনকি কয়েক দশক পিছিয়ে দিতে পারে এবং পুনর্গঠন প্রক্রিয়াকে আরও ব্যয়বহুল করে তুলবে।

গত ২ মার্চ থেকে লেবাননে ইসরায়েলি হামলা জোরদার হয়, যখন ইরান-ইসরায়েল যুদ্ধের প্রেক্ষাপটে হিজবুল্লাহ ইসরায়েলের দিকে রকেট ছোড়ে। জবাবে ইসরায়েল স্থল অভিযানও শুরু করে।

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, তারা উত্তর ইসরায়েলের হুরফেইশ, শ্লোমি ও নাহারিয়া এলাকায় রকেট হামলা চালিয়েছে। এছাড়া সীমান্তবর্তী ফাতিমা গেটে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করেও হামলা করা হয়েছে।

এদিকে, বৈরুতের দক্ষিণাঞ্চলের সাতটি এলাকায় বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। পরে ওই এলাকাগুলোর একটি বির আল-আবেদে বিমান হামলার খবর পাওয়া যায়।

রাজধানীর পূর্বাঞ্চলের খ্রিস্টান অধ্যুষিত আইন সা’দেহ এলাকায় রাতের হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন, যাদের মধ্যে দুই নারী রয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। স্থানীয় সূত্র বলছে, নিহতরা সংঘাতের সঙ্গে জড়িত ছিলেন না।সংঘাতের কারণে ইতোমধ্যে লেবাননে ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। অনেকেই মাউন্ট লেবাননের পাহাড়ি এলাকায় আশ্রয় নিয়েছেন।

সর্বশেষ তথ্য অনুযায়ী, ছয় সপ্তাহ ধরে চলা এই সংঘাতে লেবাননে নিহতের সংখ্যা ১,৪৬১ জনে পৌঁছেছে এবং আহত হয়েছেন ৪ হাজারের বেশি মানুষ।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪