আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া সময়সীমা ঘনিয়ে আসার প্রেক্ষাপটে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। একই সঙ্গে দেশটি সাময়িক নয়, স্থায়ীভাবে যুদ্ধের অবসান চেয়েছে।
সোমবার (৬ এপ্রিল) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএ জানায়, যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাব মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে ওয়াশিংটনের কাছে পাঠানো হয়েছে।ইরান তাদের জবাবে স্পষ্ট করে জানিয়েছে, তারা অস্থায়ী যুদ্ধবিরতিতে আগ্রহী নয়। বরং সংঘাতের স্থায়ী সমাধান চায় তেহরান।
ইরানের প্রস্তাবে মোট ১০টি শর্ত রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো:
অঞ্চলজুড়ে সংঘাতের অবসান
হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ নৌ চলাচলের নিশ্চয়তা
ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার
যুদ্ধ-পরবর্তী পুনর্গঠন কার্যক্রম
ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি
এর আগে ট্রাম্প মঙ্গলবার (৮ এপ্রিল) রাত ৮টা (ইস্টার্ন টাইম) পর্যন্ত সময় দিয়ে হুঁশিয়ারি দেন, এই সময়ের মধ্যে চুক্তিতে না পৌঁছালে তেহরানের ওপর “নরক নেমে আসবে” বলে সতর্ক করেন তিনি।
বিশেষ করে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়টিকে শর্ত হিসেবে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথ বর্তমানে আংশিকভাবে অচল হয়ে রয়েছে।
পাঁচ সপ্তাহ ধরে চলা সংঘাতে মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা বিরাজ করছে। যুদ্ধের মধ্যে বিভিন্ন জ্বালানি অবকাঠামো ও সামরিক স্থাপনায় হামলার ঘটনা ঘটছে, যা বিশ্ববাজারেও প্রভাব ফেলছে।
বিশ্লেষকদের মতে, আলোচনার পথ খোলা থাকলেও উভয় পক্ষের অবস্থান এখনো কঠোর থাকায় দ্রুত সমাধান আসা অনিশ্চিত।
রিপোর্টার্স২৪/এসসি