| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হরমুজ প্রণালী বন্ধ রেখেই যুদ্ধবিরতি প্রত্যাখ্যান তেহরানের

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৭, ২০২৬ ইং | ১৪:১৬:০২:অপরাহ্ন  |  ৯৪১১১ বার পঠিত
হরমুজ প্রণালী বন্ধ রেখেই যুদ্ধবিরতি প্রত্যাখ্যান তেহরানের
ছবির ক্যাপশন: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট  নির্ধারিত যুদ্ধবিরতির সময়সীমা ঘনিয়ে আসার প্রাক্কালে ইরান ও ইসরায়েলের মধ্যে মঙ্গলবারও পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। এদিকে, ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা হরমুজ প্রণালি  পুনরায় খুলবে না এবং যুদ্ধবিরতির প্রস্তাবও মেনে নেবে না।

তবে কূটনৈতিক অগ্রগতির সম্ভাবনাও উঁকি দিচ্ছে। পাকিস্তানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত জানিয়েছেন, ইসলামাবাদের মধ্যস্থতায় যুদ্ধ অবসানের প্রচেষ্টা ‘গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর’ পর্যায়ে পৌঁছেছে।

রয়টার্সের এক সূত্র জানায়, পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র একটি প্রস্তাব দিয়েছিল তাৎক্ষণিক যুদ্ধবিরতি, হরমুজ প্রণালীর অবরোধ তুলে নেওয়া এবং ১৫ থেকে ২০ দিনের মধ্যে বৃহত্তর শান্তি চুক্তি নিয়ে আলোচনা। কিন্তু ইরান এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানায়, তেহরান ১০ দফা পাল্টা প্রস্তাব দিয়েছে। এতে আঞ্চলিক সংঘাত বন্ধ, হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করা, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং পুনর্গঠন কার্যক্রমের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

সোমবার ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে ইরান তার দাবি না মানলে ‘এক রাতেই পুরো দেশ ধ্বংস করে দেওয়া যেতে পারে।’ তিনি জানান, ইরান রাজি না হলে দেশটির বিদ্যুৎকেন্দ্র ও অবকাঠামো ধ্বংস করে দেওয়া হবে।

তিনি আরও বলেন, ‘মধ্যরাতের মধ্যে ইরানের প্রতিটি সেতু ধ্বংস হয়ে যাবে, প্রতিটি বিদ্যুৎকেন্দ্র অচল হয়ে আগুনে পুড়বে এবং বিস্ফোরণে উড়ে যাবে।’

মঙ্গলবার ভোরে ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, তারা তেহরানসহ বিভিন্ন এলাকায় ইরানি সরকারি অবকাঠামো লক্ষ্য করে বিমান হামলার একটি ধাপ সম্পন্ন করেছে। একই সঙ্গে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রাখা হয়েছে।

ইসরায়েলি বাহিনী ইরানি জনগণকে ট্রেন ও রেললাইন থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে। তাদের ভাষ্য, রেলপথ বা ট্রেনের কাছে অবস্থান আপনার জীবনের জন্য ঝুঁকিপূর্ণ।

এদিকে সৌদি আরব জানিয়েছে, তাদের পূর্বাঞ্চলের দিকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে, যার ধ্বংসাবশেষ জ্বালানি স্থাপনার কাছাকাছি এলাকায় পড়েছে। যদিও ক্ষেপণাস্ত্রগুলোর উৎস নির্দিষ্ট করে বলা হয়নি।

বাহরাইন, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত একযোগে জননিরাপত্তা সতর্কতা জারি করেছে। সতর্কতার অংশ হিসেবে সৌদি আরব ও বাহরাইনকে সংযুক্তকারী সেতুটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

সংঘাত শুরুর পর থেকে শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শিকার হয়েছে সৌদি আরব, যার বেশিরভাগই প্রতিহত করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

বেসামরিক অবকাঠামোতে হামলার অভিযোগ উঠলেও ট্রাম্প এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেননি। তিনি বলেন, আমি মোটেও চিন্তিত নই,” যদিও যোগ করেন, “আশা করি আমাকে এটা করতে হবে না।

অন্যদিকে, জাতিসংঘে ইরানের প্রতিনিধি ট্রাম্পের হুমকিকে “সন্ত্রাসে উসকানি” এবং “যুদ্ধাপরাধের সুস্পষ্ট ইঙ্গিত” হিসেবে আখ্যা দিয়েছেন। ইরানের শীর্ষ সামরিক নেতৃত্ব ট্রাম্পকে “ভ্রান্ত ধারণায় আক্রান্ত” বলেও মন্তব্য করেছে।

এদিকে, ইরানের উপ-ক্রীড়া মন্ত্রী আলিরেজা রাহিমি দেশটির শিল্পী ও ক্রীড়াবিদদের বিদ্যুৎকেন্দ্রের সামনে মানববন্ধন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তার ভাষায়, আমরা হাত ধরে দাঁড়িয়ে বলব,জনসাধারণের অবকাঠামোতে হামলা যুদ্ধাপরাধ।

যুদ্ধের প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারে। হরমুজ প্রণালী বন্ধ থাকায় বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় ১১০ ডলারের আশপাশে রয়েছে। এই প্রণালী দিয়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও গ্যাস সরবরাহ হয়।

ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে ১১১.৫৩ ডলার এবং মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) ১১৩.৩১ ডলারে পৌঁছেছে, যা যুদ্ধ শুরুর পর থেকে প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দিয়ে ইরান একটি শক্তিশালী কৌশলগত চাপ সৃষ্টি করেছে, যা তারা সহজে ছাড়তে চাইছে না।

যুদ্ধ শুরুর পর মধ্যপ্রাচ্যজুড়ে হাজার হাজার মানুষ নিহত হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা এইচআরএএনএ জানিয়েছে, ইরানে এখন পর্যন্ত ৩ হাজার ৫৪৬ জন নিহত হয়েছেন। লেবাননেও প্রায় ১,৫০০ জন নিহত হয়েছেন, যেখানে ইসরায়েল ইরান-সমর্থিত হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। রয়টার্স

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪