আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরান মঙ্গলবার (৭ এপ্রিল) সৌদি আরবের পূর্বাঞ্চলীয় গুরুত্বপূর্ণ শিল্পনগরী জুবােলের একটি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে হামলা চালিয়েছে। ফার্স নিউজ প্রতিবেদনে বলা হয়েছে, হামলাটি সৌদি আরবের অন্যতম বৃহৎ শিল্পাঞ্চলে সংঘটিত হয়েছে। তবে সৌদি সরকারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
জুবাইল শিল্পনগরী তেল, গ্যাস এবং পেট্রোকেমিক্যাল উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ। বিশ্লেষকদের মতে, এ ধরনের হামলা দেশটির জ্বালানি খাত ও অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। সৌদি প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, পূর্বাঞ্চল লক্ষ্য করে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে, যদিও হামলার পূর্ণ ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট নয়।
অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মঙ্গলবার সকালে ইরানের ১৭ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে, যা ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি ‘যুদ্ধাপরাধ’ হিসেবে আখ্যা দিয়েছে। সংস্থার বিবৃতিতে বলা হয়েছে, নিরস্ত্র বেসামরিক মানুষের ওপর হামলার কোনো ন্যায্যতা নেই এবং এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন দুজারিক এপিকে জানিয়েছেন, আন্তর্জাতিক আইনের অধীনে বেসামরিক অবকাঠামোতে হামলা নিষিদ্ধ। তিনি বলেন, যদি কোনো বেসামরিক স্থাপনা সামরিক লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হয়, তবুও অতিরিক্ত বেসামরিক ক্ষয়ক্ষতির ঝুঁকি থাকলে হামলা আইনের পরিপন্থী।
এই হামলাগুলো মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে আরও তীব্র করেছে এবং বিশ্ব সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
রিপোর্টার্স২৪/এসসি