ইবি প্রতিনিধি: সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ পোস্টের ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হকের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
কমিটিতে আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. শাহজাহান আলীকে আহ্বায়ক করা হয়েছে। সদস্য হিসেবে রয়েছেন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. জাহিদুল ইসলাম এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. রবিউল হক। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ৩০ মার্চ রাতে ‘ইসলামী বিশ্ববিদ্যালয় পরিবার’ নামক একটি ফেসবুক পেইজ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ ও আপত্তিকর পোস্ট দেওয়া হয়। এ ঘটনায় প্রক্টরিয়াল বডি ও ছাত্র উপদেষ্টার সমন্বয়ে জরুরি এক সভা অনুষ্ঠিত হয়। এ সভার সিদ্ধান্ত অনুযায়ী উক্ত তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ বলেন, পোস্টটি নজরে আসার পর তিনি প্রশাসনকে অবহিত করেন। তিনি অভিযোগ করেন, কিছু ভুয়া পেজ ও আইডি থেকে বাক্স্বাধীনতার অপব্যবহার করে কুরুচিপূর্ণ মন্তব্য ও মানহানিকর পোস্ট দেওয়া হচ্ছে, যা একটি সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে তিনি সংশ্লিষ্টদের শনাক্ত ও শাস্তির দাবি জানান।
তদন্ত কমিটির আহ্বায়ক ড. শাহজাহান আলী বলেন, বিষয়টি নিয়ে শিগগিরই বৈঠক করা হবে। টেকনিক্যাল ও আইনি দিক বিবেচনায় নিয়ে স্বচ্ছ তদন্ত শেষে দ্রুত প্রতিবেদন দেওয়া হবে।
রিপোর্টার্স২৪/বাবি