ঢাবি প্রতিনিধি: গণভোট-২০২৬ এর রায় বাস্তবায়নসহ তিন দফা দাবিতে আমরণ অনশনে বসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)-এর এক শিক্ষার্থী।
বুধবার (৮ এপ্রিল) বিকেল সাড়ে ৩টা থেকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী মো. সাদিক মুনওয়ার মুনেম এ কর্মসূচি শুরু করেন। পরে তার সঙ্গে সংহতি জানিয়ে আরও কয়েকজন শিক্ষার্থী অনশনে অংশ নেন।
রাত সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে সংহতি জানান ডাকসুর ভিপি সাদিক কায়েম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, কার্যনির্বাহী সদস্য মো. মিফতাউল হোসাইন আল মারুফ ও আনাস ইবনে মুনীর।
অনশনরত সাদিক মুনওয়ার মুনেম বলেন, ‘ফ্যাসিবাদী কাঠামো’ ভেঙে দিয়ে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে তারা আন্দোলন চালিয়ে যাবেন। তিনি অভিযোগ করেন, গণভোটের রায় উপেক্ষা করে দেশকে পুনরায় স্বৈরতান্ত্রিক ব্যবস্থার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, দেশের মানুষের ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত নতুন বাংলাদেশের স্বপ্ন হুমকির মুখে। গুম, খুন, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, এই অনশন কেবল ব্যক্তিগত দাবি নয়, বরং ক্ষুব্ধ নাগরিকদের অনুভূতির প্রতিফলন। জনগণের ভোটের অধিকার রক্ষায় আবারও রাজপথে নামতে হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের চেতনা থেকে কোনো আপস করা যাবে না এবং অনশনরত শিক্ষার্থীদের প্রতি ডাকসুর পূর্ণ সমর্থন রয়েছে।
রিপোর্টার্স২৪/বাবি