| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লেবাননে ফের ইসরায়েলের হামলা, যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা বাড়ছে

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৯, ২০২৬ ইং | ১৫:২৫:২৫:অপরাহ্ন  |  ৮১৫২৬ বার পঠিত
লেবাননে ফের ইসরায়েলের হামলা, যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা বাড়ছে
ছবির ক্যাপশন: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননে নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল, যা মধ্যপ্রাচ্যে ঘোষিত যুদ্ধবিরতিকে আরও অনিশ্চিত করে তুলেছে। সাম্প্রতিক এই হামলায় দেশটিতে নিহতের সংখ্যা ২৫০ জন ছাড়িয়েছে বলে জানা গেছে। এতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট  ডোনাল্ড ট্রাম্প ঘোষিত যুদ্ধবিরতি কার্যত শুরুর আগেই ভেস্তে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ইরান জানিয়েছে,লেবাননকে যুদ্ধবিরতির আওতায় না আনা হলে কোনো চুক্তি কার্যকর হবে না। তবে ইসরায়েলের দাবি, লেবাননে তাদের সামরিক অভিযান যুদ্ধবিরতির অন্তর্ভুক্ত নয়। একই অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্রও।

এদিকে, ইরানের আলোচক দল বৃহস্পতিবার পাকিস্তানের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে, যেখানে শনিবার যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে তাদের বৈঠক হওয়ার কথা।

তবে এখনো হরমুজ প্রণালী অবরোধ তুলে নেয়নি ইরান। ফলে বিশ্ব জ্বালানি সরবরাহে ব্যাপক বিঘ্ন সৃষ্টি হয়েছে। এর প্রভাবে ইউরোপ ও এশিয়ার বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে প্রতি ব্যারেল প্রায় ১৫০ ডলারে পৌঁছেছে। কিছু ক্ষেত্রে জেট জ্বালানির দাম আরও বেশি বেড়েছে।

গত মাসে ইরানের মিত্র সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে নির্মূল করার লক্ষ্য নিয়ে লেবাননে অভিযান শুরু করে ইসরায়েল। দেশটির দাবি, এই অভিযান যুদ্ধবিরতির আওতায় পড়ে না।

তবে যুক্তরাজ্য ও ফ্রান্সসহ বেশ কয়েকটি দেশ বলেছে, যুদ্ধবিরতি লেবাননেও প্রযোজ্য হওয়া উচিত এবং তারা ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা হিজবুল্লাহর মহাসচিব নাইম কাসেমের ভাতিজাকে হত্যা করেছে, যিনি তার ব্যক্তিগত সচিব হিসেবে দায়িত্ব পালন করতেন। এছাড়া গোষ্ঠীটির ব্যবহৃত নদীপথের সংযোগস্থলেও হামলা চালানো হয়েছে।

লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে গভীর রাত ও ভোরে বিমান হামলা চালানো হয়। পাশাপাশি দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন শহরেও হামলার খবর পাওয়া গেছে।

প্রথমে যুদ্ধবিরতির প্রতি সম্মান দেখিয়ে হামলা স্থগিত করার ঘোষণা দিলেও হিজবুল্লাহ পরে আবার ইসরায়েলের বিরুদ্ধে হামলা শুরু করেছে। বৃহস্পতিবার সকালে তারা সীমান্ত এলাকায় গুলি ছোড়ে এবং দক্ষিণ লেবাননে অবস্থানরত ইসরায়েলি বাহিনীর ওপর দুই দফা হামলা চালায়।

উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের উদ্ধারে রাতভর কাজ চালিয়ে যাচ্ছেন। অনেক স্থানে বেসামরিক নাগরিকদের পূর্ব সতর্কতা ছাড়াই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বৈরুতের এক বাসিন্দা নাঈম চেব্বো বলেন, এটাই আমার ঘর, ৫১ বছর ধরে এখানে বসবাস করছি। সবকিছু ধ্বংস হয়ে গেছে।

ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খতিবজাদেহ ইসরায়েলের এই হামলাকে ‘গুরুতর লঙ্ঘন’ উল্লেখ করে বলেন, এটি একটি ভয়াবহ বিপর্যয়, যা আরও বড় সংকটে রূপ নিতে পারে।

এদিকে, ইরানে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই নিহত হওয়ার ৪০ দিন উপলক্ষে শোক পালন করা হয়েছে। রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে হাজারো মানুষ কালো পোশাকে শোক মিছিল করেছেন।

অন্যদিকে, বৈশ্বিক বাজারে তেলের ভবিষ্যৎ সরবরাহ নিয়ে কিছুটা আশাবাদ দেখা গেলেও তাৎক্ষণিক সরবরাহ সংকটের কারণে স্পট মার্কেটে দামের ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। প্রায় দেড় মাস ধরে বিশ্ব সরবরাহের এক-পঞ্চমাংশ বন্ধ থাকায় এই সংকট তৈরি হয়েছে।

যুদ্ধবিরতি ঘোষণা করলেও যুক্তরাষ্ট্র তার প্রাথমিক লক্ষ্য ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস, পারমাণবিক কর্মসূচি বন্ধ এবং অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবর্তনের পরিবেশ সৃষ্টি অর্জন করতে পারেনি বলে বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে।

বর্তমানে ইরানের কাছে এখনও ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং প্রায় ৪০০ কেজি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত রয়েছে। একই সঙ্গে তারা হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে সক্ষমতা প্রদর্শন করেছে, যা বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মধ্যপ্রাচ্যের এই সংঘাত এখনো অমীমাংসিত রয়েছে এবং সংশ্লিষ্ট পক্ষগুলো তাদের নিজ নিজ অবস্থানে অনড় থাকায় দীর্ঘমেয়াদে এর প্রভাব বৈশ্বিক রাজনীতি ও অর্থনীতিতে গভীরভাবে পড়তে পারে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪