আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীতে মার্কিন বাহিনী ‘পরিষ্কার’ অভিযান শুরু করেছে এবং ইরানের মাইন পেতে রাখা সব নৌযান ধ্বংস করা হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, হরমুজ প্রণালিতে চলাচল নিরাপদ করতে মার্কিন সামরিক বাহিনী কাজ শুরু করেছে। তিনি বলেন, ইরানের “মাইন ফেলার” ২৮টি নৌযান ইতোমধ্যে ডুবিয়ে দেওয়া হয়েছে।
ট্রাম্পের এই বক্তব্যের কিছুক্ষণ আগে প্রণালিতে মার্কিন যুদ্ধজাহাজের উপস্থিতির খবরও সামনে আসে। একটি মার্কিন সূত্রের বরাত দিয়ে জানা যায়, কয়েকটি মার্কিন জাহাজ ইতোমধ্যে ওই জলপথ অতিক্রম করেছে। তবে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এক সামরিক কর্মকর্তার বরাত দিয়ে এসব তথ্য অস্বীকার করেছে।
গত কয়েক সপ্তাহ ধরে ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় কার্যত বন্ধ হয়ে পড়ে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হয়, ফলে এর অচলাবস্থা বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলেছে।
এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে জ্বালানির দামও বেড়েছে, যদিও হরমুজ দিয়ে যাওয়া তেলের বেশিরভাগই সরাসরি যুক্তরাষ্ট্রে যায় না।
এদিকে, চলমান উত্তেজনার মধ্যেই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। একটি নাজুক যুদ্ধবিরতির মধ্যেই এই আলোচনা অনুষ্ঠিত হচ্ছে, যার লক্ষ্য চলমান সংঘাতের স্থায়ী সমাধান খোঁজা।
রিপোর্টার্স২৪/এসসি