আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার শান্তি আলোচনার প্রথম দফার বৈঠক শেষ হওয়ার পর ইরানে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
শনিবার (১১ এপ্রিল) বাংলাদেশ সময় রাত ১১টা ১১ মিনিটে এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইসরায়েল ইরানের ‘সন্ত্রাসী শাসন’ এবং তার মিত্রদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে। এ খবর জানিয়েছে আলজাজিরা।
পোস্টে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানেরও কঠোর সমালোচনা করেন নেতানিয়াহু। তিনি অভিযোগ করেন, এরদোয়ান ইরানকে আশ্রয় দিচ্ছেন। পাশাপাশি তুরস্কের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে নেতানিয়াহু আরও বলেন, এরদোয়ান নিজেই কুর্দিদের বিরুদ্ধে ‘গণহত্যার’ জন্য দায়ী।
এদিকে পাকিস্তানের মধ্যস্থতায় সংঘাত নিরসনে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের প্রথম দফার আলোচনা ইতিবাচক পরিবেশে শেষ হয়েছে বলে জানিয়েছে আলজাজিরা। ইসলামাবাদের বিলাসবহুল সেরেনা হোটেলে অনুষ্ঠিত বৈঠকের পর নৈশভোজের বিরতি দেওয়া হয়।
প্রতিবেদনে বলা হয়, প্রায় দুই ঘণ্টা আলোচনা চলার পর প্রতিনিধিদলগুলো সাময়িক বিরতি নেয়। নৈশভোজের পর বৈঠক আবার শুরু হওয়ার কথা রয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যমটি একে ‘ঐতিহাসিক’ দিন হিসেবে উল্লেখ করেছে।
আলজাজিরার সূত্রে জানা গেছে, আলোচনায় বেশ কয়েকটি বিষয়ে অগ্রগতি হয়েছে। এর মধ্যে লেবাননে চলমান ইসরায়েলি আগ্রাসনও ছিল আলোচ্য। সূত্রটি জানায়, ইসরায়েলি অভিযান এখন দক্ষিণ লেবাননে সীমিত রাখার বিষয়ে সম্ভাব্য সমঝোতার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধবিরতি নিয়ে এখনো চূড়ান্ত কোনো সমঝোতা হয়নি।