আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ ২১ ঘণ্টার টানা আলোচনার পরও যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধের স্থায়ী সমাধানে কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত এই বৈঠক রোববার (১২ এপ্রিল ২০২৬) কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়। ফলে ছয় সপ্তাহ ধরে চলা সংঘাতের মধ্যে ঘোষিত নাজুক যুদ্ধবিরতি নতুন করে অনিশ্চয়তায় পড়েছে।
বৈঠক শেষে উভয় পক্ষই ব্যর্থতার জন্য একে অপরকে দায়ী করেছে। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, আমরা একটি স্পষ্ট প্রস্তাব দিয়েছি, যা আমাদের চূড়ান্ত ও সর্বোত্তম প্রস্তাব। এখন দেখা যাক ইরান সেটি গ্রহণ করে কি না।” তিনি দাবি করেন, আলোচনায় যুক্তরাষ্ট্র ‘সৎভাবে’ অংশ নিয়েছে।
অন্যদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, এক দফার বৈঠকেই চুক্তি হয়ে যাবে,এমন প্রত্যাশা শুরু থেকেই বাস্তবসম্মত ছিল না।
ইরানে পরিস্থিতি
ইরানের রাজধানী তেহেরানসহ বিভিন্ন অঞ্চলে টানা বিমান হামলার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দেশটির প্রায় ৯ কোটি ৩০ লাখ মানুষের জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এ পর্যন্ত যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ২ হাজারের বেশি ইরানি নিহত হয়েছেন বলে জানা গেছে।
সাধারণ মানুষ একদিকে যুদ্ধবিরতি নিয়ে আশাবাদী হলেও, অন্যদিকে ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত। বহু এলাকা এখনো ধ্বংসস্তূপে পরিণত।
যুক্তরাষ্ট্রের অবস্থান
বৈঠকের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, সামরিক দিক থেকে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে বিজয় অর্জন করেছে। তিনি বলেন, চুক্তি হোক বা না হোক, এতে খুব একটা পার্থক্য নেই,কারণ আমরা জিতেছি।
যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলে বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার উপস্থিত ছিলেন। আলোচনার সময় ভ্যান্স একাধিকবার প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন বলেও জানান।
এদিকে, মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো তাদের দুটি ডেস্ট্রয়ার হরমুজ প্রণালী অতিক্রম করেছে। তবে ইরান এ দাবি অস্বীকার করেছে।
লেবাননে উত্তেজনা
ইসরায়েল লেবাননে হামলা অব্যাহত রেখেছে। দক্ষিণ লেবাননের জুয়াইয়া এলাকায় একটি রকেট লঞ্চার লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলি বাহিনী।
লেবাননের রাজধানী বৈরুতে সাম্প্রতিক দিনগুলোতে বিক্ষোভ বেড়েছে। ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনার সম্ভাবনার বিরোধিতা করে এসব বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২ মার্চ থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় অন্তত ২ হাজার ২০ জন নিহত এবং ৬ হাজার ৪৩৬ জন আহত হয়েছেন।
ইসরায়েলের পরিস্থিতি
ইসরায়েলের উত্তরাঞ্চলের আপার গ্যালিলি অঞ্চলে লেবানন থেকে ছোড়া একটি ড্রোন হামলার সতর্কতা জারি হয়। পরে সেটি প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী।
পাকিস্তানের ভূমিকা
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, তার দেশ ভবিষ্যতেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতার ভূমিকা পালন করবে। তিনি উভয় পক্ষকে যুদ্ধবিরতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন।
রিপোর্টার্স২৪/এসসি