আন্তর্জাতিক ডেস্ক: এশিয়ার দেশগুলোর বেশিরভাগ মানুষ যুক্তরাষ্ট্রের তুলনায় চীনকে বেশি পছন্দ করছে—সিঙ্গাপুরভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইউসুফ ইসহাক ইনস্টিটিউটের এক জরিপে এমন তথ্য উঠে এসেছে।
শুক্রবার (১০ এপ্রিল) চায়না ডেইলিতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক এ জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৫২ শতাংশ চীনকে বেছে নিয়েছে, যেখানে যুক্তরাষ্ট্রকে সমর্থন দিয়েছে ৪৮ শতাংশ। প্রতিষ্ঠানটি জানায়, গত বছরের তুলনায় এবার ফলাফলে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে; আগের বছর যুক্তরাষ্ট্র এগিয়ে ছিল।
জরিপে দেখা যায়, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, তিমুর-লিশত, থাইল্যান্ড ও ব্রুনেইসহ কয়েকটি দেশে চীনের প্রতি সমর্থন বেড়েছে। দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর মধ্যে প্রায় ৫৬ শতাংশ উত্তরদাতা মনে করেন, এ অঞ্চলের সবচেয়ে বড় অর্থনৈতিক শক্তি চীন। বিপরীতে, মাত্র ১৫ শতাংশ যুক্তরাষ্ট্রকে এগিয়ে রেখেছেন।
ভূরাজনৈতিক উদ্বেগের ক্ষেত্রেও যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন অনেকেই। জরিপে অংশ নেওয়া ৫১ দশমিক ৯ শতাংশ উত্তরদাতা ট্রাম্পের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্রকে বর্তমান অস্থিরতার জন্য দায়ী করেছেন। একই সঙ্গে এশিয়ার দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক অবনতি হওয়ার আশঙ্কাও প্রকাশ করেছেন তারা।
আগামী তিন বছরে চীনের সঙ্গে সম্পর্ক উন্নতির আশা করছেন ৫৫ দশমিক ৬ শতাংশ উত্তরদাতা। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নতির সম্ভাবনা দেখছেন মাত্র ৩২ দশমিক ৮ শতাংশ।
এছাড়া ৪৩ দশমিক ৪ শতাংশ উত্তরদাতা মনে করেন, বিভিন্ন দেশের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, শুল্ক ও বাণিজ্যিক পদক্ষেপ তাদের কাছে দেশটির ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে।
গবেষণার সহলেখক ও বিশ্লেষক জোয়ান লিন বলেন, এ বছরের জরিপে দক্ষিণ-পূর্ব এশিয়ায় যুক্তরাষ্ট্রের প্রভাব ধীরে ধীরে কমার ইঙ্গিত মিলছে। তবে এর অর্থ এই নয় যে অঞ্চলটি পুরোপুরি যুক্তরাষ্ট্র থেকে সরে যাচ্ছে; বরং দেশগুলো যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে আরও সতর্ক দৃষ্টিভঙ্গি গ্রহণ করছে।
রিপোর্টার্স২৪/বাবি