| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

উপসাগরীয় প্রতিবেশীদের বিরুদ্ধে ইরানের প্রতিশোধের হুমকি

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৩, ২০২৬ ইং | ২১:৪৮:৪৯:অপরাহ্ন  |  ৪১১১০ বার পঠিত
উপসাগরীয় প্রতিবেশীদের বিরুদ্ধে ইরানের প্রতিশোধের হুমকি
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালিতে ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের ঘোষিত নৌ অবরোধ কার্যকরের নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেছে। একই সঙ্গে তেহরান পারস্য উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোর বন্দর লক্ষ্য করে পাল্টা হামলার হুমকি দিয়েছে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, যুদ্ধ অবসানের লক্ষ্যে সপ্তাহান্তে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ভেস্তে যাওয়ার পর সোমবার এ উত্তেজনা আরও বেড়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইরানের বন্দর থেকে যাওয়া-আসা করা জাহাজ এবং ইরানকে টোল প্রদানকারী যেকোনো জাহাজের চলাচল বন্ধ করে দেওয়া হবে। এমনকি অবরোধের কাছে আসা ইরানি দ্রুতগতির নৌযান ধ্বংস করার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, পারস্য উপসাগর ও ওমান উপসাগরে ইরানের বন্দরগামী সব দেশের জাহাজের ওপরই এ অবরোধ সমানভাবে কার্যকর হবে। তবে ইরানবহির্ভূত গন্তব্যে যাওয়া নিরপেক্ষ জাহাজের হরমুজ প্রণালি দিয়ে চলাচলে বাধা দেওয়া হবে না।

ইরানের সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে ‘জলদস্যুতা’ আখ্যা দিয়ে সতর্ক করেছে, তাদের বন্দর হুমকির মুখে পড়লে পারস্য উপসাগর বা ওমান উপসাগরের কোনো বন্দরই নিরাপদ থাকবে না।

একইসঙ্গে ইরানের বিপ্লবী গার্ড জানিয়েছে, হরমুজ প্রণালির কাছে কোনো সামরিক জাহাজ গেলে তা যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে গণ্য হবে।

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্য ব্রিটেন ও ফ্রান্স এই অবরোধে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছে। তারা বরং দ্রুত হরমুজ প্রণালি পুনরায় চালুর ওপর জোর দিয়েছে।

ছয় সপ্তাহ ধরে চলা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলা বন্ধে যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল, তা এখন অনিশ্চয়তার মুখে। এ যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে আর মাত্র এক সপ্তাহ বাকি।

সংকটের জেরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবারও বেড়ে ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে উঠে গেছে। বিশ্লেষকদের মতে, আধুনিক সময়ে জ্বালানি সরবরাহে এমন বিঘ্নের নজির নেই।

যদিও প্রেসিডেন্ট ট্রাম্প আগে বলেছিলেন জ্বালানির দাম বাড়া সাময়িক, এখন তিনি স্বীকার করেছেন যে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন পর্যন্ত উচ্চ পর্যায়েই থাকতে পারে।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিকে ঘিরে এই অচলাবস্থা অব্যাহত থাকলে তা বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি বাজারে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে। একইসঙ্গে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কাও বাড়ছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪