ডিআইইউ প্রতিনিধি: পড়াশোনা বা চাকরির পাশাপাশি ফ্রিল্যান্সিংকে এখন অনেকেই আয়ের প্রধান উৎস হিসেবে বেছে নিচ্ছেন। তবে শুধু ব্যক্তিগত আয়ে সীমাবদ্ধ না থেকে কীভাবে মেধা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে টেকসই স্টার্টআপ বা ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে তোলা যায়, সে বিষয়ে দিকনির্দেশনা দিতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের সাভারের বিরুলিয়া ক্যাম্পাসে ‘ফ্রিল্যান্সিং থেকে স্টার্টআপ যাত্রা’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনিউরশিপ বিভাগ। এতে প্রধান বক্তা ছিলেন আন্তর্জাতিক দক্ষতা উন্নয়ন প্ল্যাটফর্ম ‘স্কিলআপার’-এর প্রতিষ্ঠাতা শামীম হুসাইন।
সেমিনারে ফ্রিল্যান্সারদের সফল ব্যবসা বা স্টার্টআপ চালুর জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিজিটাল বিপণন কৌশল শেখার ওপর গুরুত্ব দেন শামীম হুসাইন। তিনি বলেন, সফল উদ্যোক্তা হতে হলে ইতিবাচক দৃষ্টিভঙ্গি, পরিকল্পনা বাস্তবায়ন, বাজার বিশ্লেষণ ও সঠিক কর্মী নির্বাচন জরুরি। একটি টেকসই স্টার্টআপ গড়তে পাঁচ বছরের দীর্ঘমেয়াদি লক্ষ্য নির্ধারণ করে সে অনুযায়ী নিয়মিত কাজ করতে হবে। একই সঙ্গে বাজারের পরিবর্তনের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার মানসিকতা থাকতে হবে।
ডিআইইউর ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনিউরশিপ বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মো. কামরুজ্জামান দিদার বলেন, শিক্ষার্থীরা যেন সময়োপযোগী ও কার্যকর বিষয় শিখতে পারে, সে লক্ষ্যেই এ ধরনের আয়োজন করা হয়। তার আশা, এ সেমিনার শিক্ষার্থীদের ফ্রিল্যান্সিং শুরু করতে অনুপ্রাণিত করবে এবং ভবিষ্যতে সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে উদ্যোগ গড়ে তুলতে সহায়তা করবে।
উল্লেখ্য, সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত শামীম হুসাইনের প্রতিষ্ঠান ‘স্কিলআপার’ বর্তমানে বিশ্বের ৪০টিরও বেশি দেশে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে কাজ করছে।