আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ায় স্থানান্তরের একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চলতি সপ্তাহে এক টেলিফোন আলাপে ট্রাম্পের কাছে এই প্রস্তাব দেন। এর উদ্দেশ্য ছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাত নিরসনে একটি সমঝোতার পথ তৈরি করা।
তবে ট্রাম্প ওই প্রস্তাব সরাসরি নাকচ করে দেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বলা হয়, ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে চলমান সংকটে এটি একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক উদ্যোগ হতে পারত, কিন্তু তা অগ্রসর হয়নি।
বিশ্লেষকদের মতে, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম তৃতীয় কোনো দেশে স্থানান্তর করা হলে তা পারমাণবিক অস্ত্র তৈরির ঝুঁকি কমানোর একটি উপায় হিসেবে বিবেচিত হতে পারত। তবে এ ধরনের পদক্ষেপ বাস্তবায়নে সংশ্লিষ্ট সব পক্ষের আস্থা ও সম্মতি জরুরি।
এ বিষয়ে যুক্তরাষ্ট্র বা রাশিয়ার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
রিপোর্টার্স২৪/এসসি