আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনজুড়ে রাতভর ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। শত শত ড্রোন ও তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে চালানো এ হামলায় অন্তত সাতজন আহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেনের কর্মকর্তারা।
ইউক্রেনের বিমানবাহিনী জানায়, মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে রাশিয়া মোট ৩২৪টি ড্রোন ও তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর মধ্যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ৩০৯টি ড্রোন ভূপাতিত বা নিষ্ক্রিয় করতে সক্ষম হয়। তবে ক্ষেপণাস্ত্রগুলো এবং আরও ১৩টি ড্রোন দেশটির নয়টি স্থানে আঘাত হানে।দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ বন্দর অবকাঠামো ছিল হামলার প্রধান লক্ষ্য।
দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর ডিনিপ্রোতে ড্রোন হামলায় তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর ওলেক্সান্দর গানঝা। তিনি জানান, হামলায় একটি নয়তলা আবাসিক ভবন এবং একটি প্রশাসনিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রকাশিত ছবিতে একটি ভবনের দেয়ালে বড় ধরনের গর্ত দেখা গেছে।
এর আগের দিন একই শহরে ক্ষেপণাস্ত্র হামলায় পাঁচজন নিহত এবং প্রায় ৩০ জন আহত হন।
মধ্যাঞ্চলের শহর চেরকাসিতেও রাতের ড্রোন হামলায় চারজন চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন গভর্নর ইহোর তাবুরেতস।
অন্যদিকে, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর যাপোরিঝঝিয়াতে গোলাবর্ষণে এক নারী নিহত হয়েছেন। আঞ্চলিক গভর্নর ইভান ফেদোরভ জানান, ৭৪ বছর বয়সী এক বিক্রয়কর্মী কিয়স্কে অবস্থানকালে নিহত হন। হামলায় পার্কিং এলাকা, ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইউক্রেনের দক্ষিণাঞ্চলের কৃষ্ণসাগর তীরবর্তী ওডেসা অঞ্চলেও আবারও ড্রোন হামলা হয়েছে। গভর্নর ওলেহ কিপার জানিয়েছেন, এতে প্রশাসনিক ও গুদামঘর ভবনে ক্ষয়ক্ষতি হয়েছে।
এছাড়া কিয়েভ অঞ্চল এলাকাতেও ড্রোন হামলার খবর পাওয়া গেছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।সাম্প্রতিক এই হামলা ইউক্রেনজুড়ে রাশিয়ার আক্রমণ আরও জোরদারের ইঙ্গিত দিচ্ছে বলে বিশ্লেষকদের ধারণা।রয়টার্স
রিপোর্টার্স২৪/এসসি