ইন্টারন্যাশনাল ডেস্ক: লেবানন ও ইসরাইলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। একইসঙ্গে যুদ্ধবিরতি প্রচেষ্টায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘সাহসী ও বিচক্ষণ কূটনীতির প্রশংসা করেছেন তিনি।
শুক্রবার (১৭ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া পোস্টে এসব কথা বলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।
লেবাননে যুদ্ধবিরতির ঘোষণাকে স্বাগত জানিয়ে পোস্টে শেহবাজ শরিফ বলেন, এটি টেকসই শান্তির পথ প্রশস্ত করবে বলে আশা প্রকাশ করে পাকিস্তান।
তিনি বলেন, ‘লেবাননের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি পাকিস্তান তার অটল সমর্থন পুনর্ব্যক্ত করছে এবং অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সব ধরনের প্রচেষ্টাকে সমর্থন জানাতে থাকবে।
গত সপ্তাহে পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা কোনো অগ্রগতি ছাড়াই শেষ হওয়ার পর লেবানন ও ইসরাইল ১০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়।
বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কার্যকর থাকা দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তি আলোচনায় ইসলামাবাদ মধ্যস্থতা করছে। এই চুক্তির মেয়াদ বাড়ানোর প্রচেষ্টার অংশ হিসেবে বৃহস্পতিবার পাকিস্তানের সেনাপ্রধান তেহরানে ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।
শুক্রবার লেবানন ও ইসরাইলের মাঝে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, আমি কিছুক্ষণ আগে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে চমৎকার আলোচনা শেষ করেছি। দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে উভয় নেতা আজ ইএসটি সময় বিকেল ৫টা থেকে আনুষ্ঠানিকভাবে ১০ দিনের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন।’
রিপোর্টার্স২৪/ধ্রুব