ইন্টারন্যাশনাল ডেস্ক: হরমুজ প্রণালি অতিক্রমের সময় ভারতীয় পতাকাবাহী দুটি জাহাজে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। এ ঘটনায় নয়াদিল্লিতে ইরানের রাষ্ট্রদূতকে তলব করে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানিয়েছে দেশটি।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, জাহাজে হামলার বিষয়টি নিয়ে শীর্ষ কর্মকর্তা ইরানি রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়ে ভারতের উদ্বেগ তুলে ধরেন এবং দ্রুত ভারতগামী জাহাজ চলাচল স্বাভাবিক করার আহ্বান জানান।
ভারতীয় সরকারি একটি সূত্র জানিয়েছে, হামলার শিকার জাহাজগুলোর একটি ছিল ‘সানমার হেরাল্ড’। তবে জাহাজটির ক্রু সদস্যরা নিরাপদ রয়েছেন এবং জাহাজটিরও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
বিবৃতিতে আরও বলা হয়, ইরানি রাষ্ট্রদূত বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার আশ্বাস দিয়েছেন।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিতে সাম্প্রতিক উত্তেজনা বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও সামুদ্রিক বাণিজ্যের জন্য বড় ঝুঁকি তৈরি করছে। বিশ্বের একটি বড় অংশের তেলবাহী জাহাজ এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে চলাচল করে থাকে।
রিপোর্টার্স২৪/এসসি