| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শান্তি আলোচনার প্রস্তাব মিয়ানমারের প্রেসিডেন্টের, প্রত্যাখ্যান বিদ্রোহীদের

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২১, ২০২৬ ইং | ১৬:৩৪:২০:অপরাহ্ন  |  ১২৩৪ বার পঠিত
শান্তি আলোচনার প্রস্তাব মিয়ানমারের প্রেসিডেন্টের, প্রত্যাখ্যান বিদ্রোহীদের
ছবির ক্যাপশন: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ডেস্ক: দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমার-এ চলমান সংঘাত নিরসনে আগামী ১০০ দিনের মধ্যে শান্তি আলোচনার উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মিন অং হ্লাইং। তবে প্রস্তাবটি সরাসরি প্রত্যাখ্যান করেছে অন্তত দুটি প্রভাবশালী বিদ্রোহী গোষ্ঠী। বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, মিন অং হ্লাইং সরকারবিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোকে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, যারা এখনো সংলাপে অংশ নেয়নি, তাদেরও আলোচনায় যোগ দেওয়ার সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে তিনি কারেন ন্যাশনাল ইউনিয়ন, চিন ন্যাশনাল ফ্রন্ট এবং অল বার্মা স্টুডেন্টস' ডেমোক্রেটিক ফ্রন্টের নাম উল্লেখ করেন।

তবে কারেন ন্যাশনাল ইউনিয়নের মুখপাত্র স’ তাও নি এই প্রস্তাব নাকচ করে দেন। তিনি বলেন, ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকেই তারা জাতীয় যুদ্ধবিরতি চুক্তি (এনসিএ) থেকে সরে এসেছে এবং পুনরায় আলোচনায় ফেরার কোনো পরিকল্পনা নেই।

একইভাবে চিন ন্যাশনাল ফ্রন্টের মুখপাত্র সালাই হতেইত নি জানান, তাদের লক্ষ্য একটি ফেডারেল গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা, যেখানে সামরিক বাহিনীর কোনো প্রভাব থাকবে না। বর্তমান প্রশাসনের সঙ্গে আলোচনার কোনো সুযোগ নেই বলেও তিনি মন্তব্য করেন।

উল্লেখ্য, ২০২১ সালের ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করেন মিন অং হ্লাইং। ওই অভ্যুত্থানের ফলে দেশটি গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে, যা এখনো অব্যাহত রয়েছে।

অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত নোবেলজয়ী নেত্রী অং সান সু চি-কে বিভিন্ন মামলায় দীর্ঘমেয়াদি কারাদণ্ড দেওয়া হয়, যা তার সমর্থকদের মতে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে মিন অং হ্লাইংকে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করা হলেও তা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সমালোচনার মুখে পড়ে। সমালোচকদের মতে, এই নির্বাচন ছিল সামরিক শাসনকে বৈধতা দেওয়ার একটি প্রচেষ্টা।

বর্তমানে দেশটির নতুন সামরিক-সমর্থিত প্রশাসনকে খুব অল্পসংখ্যক দেশ স্বীকৃতি দিয়েছে, ফলে রাজনৈতিক সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪