ইন্টারন্যাশনাল ডেস্ক: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর শরীর থেকে একটি ম্যালিগন্যান্ট টিউমার (ক্যান্সার কোষ) অপসারণ করা হয়েছে। তার বার্ষিক মেডিকেল রিপোর্ট প্রকাশের এ তথ্য জানা গেছে।
অন্যদিকে রিপোর্ট প্রকাশের পর নেতানিয়াহু বলেছেন, তিনি বর্তমানে শারীরিকভাবে ‘চমৎকার অবস্থায়’ আছেন।
শুক্রবার (২৪ এপ্রিল) এক্সে দেওয়া একটি পোস্টে নেতানিয়াহু বলেন, বর্ধিত প্রোস্টেটের সফল অস্ত্রোপচারের পর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় চিকিৎসকরা তার শরীরে প্রাথমিক পর্যায়ের একটি ম্যালিগন্যান্ট টিউমার খুঁজে পান।
তিনি আরও যোগ করেন, চিকিৎসার মাধ্যমে ‘সমস্যাটি দূর করা হয়েছে এবং এর কোনো চিহ্ন অবশিষ্ট নেই’।
নেতানিয়াহু জানান, তিনি তার স্বাস্থ্য প্রতিবেদন প্রকাশে বিলম্ব করার অনুরোধ করেছিলেন। তিনি চেয়েছিলেন এটি যেন ইরান ও ইসরায়েলের যুদ্ধের চরম উত্তেজনার মধ্যে প্রকাশিত না হয়। এর কারণ হিসেবে তিনি বলেন, তেহরান যাতে ‘ইসরায়েলের বিরুদ্ধে আরও বেশি মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানোর’ সুযোগ না পায়।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, প্রায় দেড় বছর আগে তিনি বর্ধিত প্রোস্টেটের জন্য প্রাথমিক অস্ত্রোপচার করিয়েছিলেন এবং এরপর থেকে নিয়মিত চিকিৎসকের পর্যবেক্ষণে ছিলেন। কিন্তু সাম্প্রতিক এক পরীক্ষার সময় ‘এক সেন্টিমিটারেরও কম আয়তনের একটি ছোট দাগ’ ধরা পড়ে।
তিনি বলেন, আমার প্রোস্টেটে সামান্য একটি মেডিকেল সমস্যা ছিল, যা সম্পূর্ণভাবে চিকিৎসা করা হয়েছে। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, এটি এখন অতীত।
দীর্ঘ পোস্টে নেতানিয়াহু আরও বলেন, তিনি চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন কারণ, ‘যখনই আমি কোনো সম্ভাব্য বিপদ সম্পর্কে সময়মতো তথ্য পাই, আমি তাৎক্ষণিকভাবে তার সমাধান করতে চাই।’
তিনি আরও বলেন, এটি জাতীয় পর্যায়ের ক্ষেত্রে যেমন সত্য, ব্যক্তিগত জীবনের ক্ষেত্রেও ঠিক তেমনই সত্য।
এ তথ্য এমন এক সময়ে সামনে এলো যখন আগামী কয়েক সপ্তাহের মধ্যে হোয়াইট হাউজ সফরে যাওয়ার কথা রয়েছে নেতানিয়াহুর। সেখানে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যুদ্ধের একটি দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির মধ্যস্থতা করার চেষ্টা করছে।
এদিকে, ইসরায়েল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যকার যুদ্ধের পর হওয়া লেবাননের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ আরও তিন সপ্তাহ বাড়ানো হয়েছে। সূত্র: বিবিসি
রিপোর্টার্স২৪/ধ্রুব