| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাকসুতে ইসলামী ব্যাংকের সহযোগিতায় এটিএম কার্ড বিতরণ

reporter
  • আপডেট টাইম: মে ০৫, ২০২৬ ইং | ১৩:৫৬:২২:অপরাহ্ন  |  ২৮৩৭ বার পঠিত
রাকসুতে ইসলামী ব্যাংকের সহযোগিতায় এটিএম কার্ড বিতরণ

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)'র উদ্যোগে এবং ইসলামী ব্যাংকের সহযোগিতায় শিক্ষার্থীদের বিনামূল্যে এটিএম কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (৫ মে) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের রাকসু ভবনের সামনে এই কার্যক্রম শুরু হয়।

আয়োজকরা জানান, যেসব শিক্ষার্থীর আগে থেকেই ইসলামী ব্যাংকে স্টুডেন্ট অ্যাকাউন্ট রয়েছে, তারা নতুন এটিএম কার্ড সংগ্রহ করতে পারছেন। পাশাপাশি নতুন শিক্ষার্থীরাও অন-স্পট অ্যাকাউন্ট খুলে কার্ড নেওয়ার সুযোগ পাচ্ছেন।

লোক প্রশাসন বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী উম্মে জয়নব বলেন, “আমি আগে কখনো এটিএম কার্ড করিনি। ফেসবুকে পোস্ট দেখে বিষয়টি সম্পর্কে জানতে পারি। প্রক্রিয়াটি খুব সহজ ছিল। মোবাইলে সেলফিন অ্যাপ ডাউনলোড করে সহপাঠীর সহায়তায় অ্যাকাউন্ট খুলে নিই। পরে নির্ধারিত স্থানে গিয়ে স্বাক্ষর করলেই কাজ শেষ হয়। পুরো প্রক্রিয়ায় দুই থেকে তিন মিনিট সময় লেগেছে।”

সেবায় সন্তুষ্টি প্রকাশ করে তিনি বলেন, এতে তিনি বেশ খুশি।

তবে ভিন্ন অভিজ্ঞতার কথা জানিয়েছেন আরবি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান। তিনি বলেন, “আগে জানানো হয়েছিল, যাদের স্টুডেন্ট অ্যাকাউন্ট আছে, তারা এলে কার্ড পরিবর্তন করা হবে। কিন্তু এখানে এসে জানতে পারি, শুধু আলুপট্টি শাখার গ্রাহকদের কার্ডই পরিবর্তন করা হচ্ছে। অন্য শাখার কার্ড পরিবর্তন করা হচ্ছে না।”

এ বিষয়ে রাকসুর এজিএস সালমান সাব্বির বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় এবং রাকসুর উদ্যোগে ইসলামী ব্যাংকের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে এটিএম কার্ড বিতরণ করা হচ্ছে। যাদের আগে থেকেই স্টুডেন্ট অ্যাকাউন্ট রয়েছে, তারা কোনো কার্ড চার্জ বা লেনদেন ফি ছাড়াই এ সুবিধা পাচ্ছেন। এ ছাড়া আন্তর্জাতিক পেমেন্ট, ডুয়াল কারেন্সি সুবিধা এবং বিভিন্ন শিক্ষাবিষয়ক ফি পরিশোধের সুবিধাও থাকবে।”

কার্ড পরিবর্তনসংক্রান্ত বিভ্রান্তি প্রসঙ্গে তিনি বলেন, “প্রাথমিকভাবে জানানো হয়েছিল, যাদের স্টুডেন্ট অ্যাকাউন্ট রয়েছে তারা পুরোনো কার্ড জমা দিয়ে নতুন কার্ড নিতে পারবেন। তবে কার্যক্রমটি আলুপট্টি শাখা থেকে পরিচালিত হচ্ছে, তাই ওই শাখার গ্রাহকরাই এ সুবিধা পাচ্ছেন। এ বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা করা হচ্ছে।”

উল্লেখ্য, রাকসুর উদ্যোগে এবং ইসলামী ব্যাংকের সহযোগিতায় আয়োজিত এই কার্যক্রম টানা তিন দিন চলমান থাকবে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪