| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দুর্বৃত্তের ছোড়া পাথরে চবির শাটলে শিক্ষার্থী আহত

reporter
  • আপডেট টাইম: মে ০৬, ২০২৬ ইং | ১৮:১৭:২২:অপরাহ্ন  |  ৫৯৪ বার পঠিত
দুর্বৃত্তের ছোড়া পাথরে চবির শাটলে শিক্ষার্থী আহত

চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে দুর্বৃত্তদের ছোড়া পাথরে এক ছাত্রী আহত হয়েছেন। আহত শিক্ষার্থী ইসরাত ফাতেমা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের ছাত্রী।

মঙ্গলবার (৫ মে) বিকেলে নিউমার্কেটের বটতলী স্টেশন থেকে ক্যাম্পাসগামী শাটল ট্রেনটি ক্যান্টনমেন্ট এলাকা অতিক্রম করার সময় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ট্রেনটি ওই এলাকায় পৌঁছালে হঠাৎ বাইরে থেকে ছোড়া একটি পাথর জানালা দিয়ে এসে ইসরাতের কপালে আঘাত করে। এতে তিনি আহত হন এবং রক্তক্ষরণ শুরু হয়।

সহপাঠীদের একজন জানান, ক্যান্টনমেন্ট এলাকার আশপাশের পরিত্যক্ত মাঠে কিছু কিশোর প্রায়ই অবস্থান করে এবং ট্রেন আসলে পাথর নিক্ষেপ করে। এদিনও এমন ঘটনায় ইসরাতের কপাল ফেটে যায়। পরে ট্রেনটি ফতেয়াবাদ স্টেশনের কাছাকাছি পৌঁছালে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তিনি প্রায় অজ্ঞান হয়ে পড়েন।

ঘটনার পরপরই সহপাঠীরা তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. ফারহানা ইয়াসমিন জানান, আহত অবস্থায় তাকে চিকিৎসা দেওয়া হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণ ও ব্যথার কারণে তিনি আতঙ্কিত ছিলেন। ক্ষতস্থানে একটি সেলাই দেওয়া হয়েছে এবং তাকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।

শিক্ষার্থীদের অভিযোগ, শাটল ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা নতুন নয়। প্রায়ই এমন ঘটনা ঘটলেও এখনো কার্যকর কোনো স্থায়ী সমাধান করা যায়নি। এতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুল হোসেন বলেন, যেসব এলাকায় এ ধরনের ঘটনা বেশি ঘটে, সেসব এলাকার পার্শ্ববর্তী বস্তি ও দখলকৃত স্থান উচ্ছেদের বিষয়ে প্রশাসন ও রেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। পাশাপাশি নিরাপত্তা জোরদারে অতিরিক্ত নিরাপত্তাকর্মী নিয়োগ দেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এসব পদক্ষেপের মাধ্যমে ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪