রাবি প্রতিনিধি: প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও ভীতিমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে র্যাগিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন। র্যাগিংকে সামাজিক অপরাধ আখ্যা দিয়ে এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
বুধবার (৬ মে) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো. মাহবুবর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাগিংয়ের ফলে শিক্ষার স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হয় এবং এর শিকার শিক্ষার্থীরা মারাত্মক মানসিক বিপর্যয়ের মুখে পড়ে। এ কারণে ক্যাম্পাসের কোথাও কোনো ধরনের র্যাগিং না করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কেউ র্যাগিং করলে বা কাউকে র্যাগিং করতে প্ররোচিত করলে প্রমাণ সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান বিধি অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ছাড়া, নবীন শিক্ষার্থীদের সঙ্গে পরিচিতি বা মতবিনিময় অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগের সভাপতির পূর্বানুমতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি বিভাগ ও ইনস্টিটিউটের নোটিশ বোর্ড, অফিস এবং ওরিয়েন্টেশন ক্লাসে প্রচারের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছে।
উল্লেখ্য, আগামী ১০ মে (রোববার) থেকে ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ক্লাস শুরু হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রিপোর্টার্স২৪/এসএন