| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরানে গিয়ে ইউরেনিয়াম সরিয়ে আনতে হবে: নেতানিয়াহু

reporter
  • আপডেট টাইম: মে ১১, ২০২৬ ইং | ১৬:৫৯:২৯:অপরাহ্ন  |  ৬০৬৯ বার পঠিত
ইরানে গিয়ে ইউরেনিয়াম সরিয়ে আনতে হবে: নেতানিয়াহু

ইন্টারন্যাশনাল ডেস্ক: মজুতকৃত সমৃদ্ধ ইউরেনিয়াম ইরান থেকে সরিয়ে না নেওয়া পর্যন্ত চলমান যুদ্ধকে শেষ বলা যাবে না। এমন মন্তব্য করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সরিয়ে আনার উপায় হিসেবে তিনি বলেছেন, দেশটির ভেতরে গিয়ে বের করে আনতে হবে।

মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজের ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে নেতানিয়াহু এসব কথা বলেন। অনুষ্ঠানটি স্থানীয় সময় রোববার সম্প্রচার করা হয়। ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও একই মত পোষণ করেছেন। প্রেসিডেন্ট ট্রাম্প যা বলেছেন তা হলো- ‘আমি সেখানে (ইরানে) ঢুকতে চাই।’

নেতানিয়াহুর এই বক্তব্য ট্রাম্পের প্রকাশ্য অবস্থানের ঠিক বিপরীত। ৭৯ বছর বয়সী রিপাবলিকান প্রেসিডেন্ট বর্তমানে ইরান যুদ্ধ বন্ধের জন্য নিজ দেশে ক্রমবর্ধমান চাপের মুখে আছেন। তিনি বারবার দাবি করেছেন, তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে রাখা হয়েছে।

একটি সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরান ‘সামরিকভাবে পরাজিত’ হয়েছে। সেই সঙ্গে তিনি দাবি করেন, ‘আমরা যখন চাই, তখনই ইউরেনিয়াম সরিয়ে ফেলা যাবে।’ সাংবাদিক শ্যারিল অ্যাটকিসনকে দেওয়া ওই সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী যেকোনো সময় সেগুলো নিয়ে আসব। এলাকাটির ওপর নজরদারি করছি। যদি কেউ ওই জায়গার কাছাকাছি যাওয়ার চেষ্টা করে, তবে তাদের উড়িয়ে দেব।’

নেতানিয়াহুর সাক্ষাৎকারে সিবিএস-এর পক্ষ থেকে জিজ্ঞাসা করা হয়- ঠিক কীভাবে এই মজুতকৃত ইউরেনিয়াম ইরান থেকে বের করে আনা সম্ভব? তখন নেতানিয়াহু একটি চুক্তির ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, ‘সরাসরি গিয়েও এটি সম্ভব। যদি একটি চুক্তি থাকে এবং আপনি সেখানে গিয়ে সব বের করে নিয়ে আসেন, তবে সমস্যা কোথায়? এটিই হবে সবচেয়ে ভালো উপায়।’

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪